কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে খুলনার গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টকে নজরুল চত্বর হিসেবে ঘোষণা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। খুলনায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই ঘোষণা দেন।
এ সময় মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সাড়ে পাঁচ মাসে সরকার প্রায় পাঁচ বছরের সমপরিমাণ কাজ করার চেষ্টা করছে। তবে আগের সরকারের দীর্ঘ শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও আর্থিক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি প্রমুখ।
খুলনা জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনাতেও নজরুলকে ঘিরে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।
সভা শেষে দুপুর আড়াইটায় খুলনা নাট্য নিকেতন এবং বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী।