বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা বলেছেন, ঠিকাদাররা ঠিক সময়ে কাজ শেষ না করলে তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে। গতকাল রবিবার দুপুরে মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের জন্য দেশের প্রতিটি জেলায় কাজ করে যাচ্ছে। এই মানিকগঞ্জ সদরেই গত পাঁচ মাসে ১০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া এলজিইডির মাধ্যমে রাস্তা ও ব্রিজ নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ কোটি টাকা। মানিকগঞ্জে দুটি উপশহরও নির্মাণ করা হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, এই যে এতগুলো কাজ, এই কাজগুলো যখন শুরু হবে তখন এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই এই কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে যার যার জায়গা থেকে সবাই সহযোগিতা করবেন।