কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ আইনজীবী কারাগারে

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৪ এএম

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ১০ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে পাঁচ নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ। এর আগে গত শনিবার বিকেলে নগরের মনসুরাবাদ ওয়াপদা কলোনি ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এই ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

কারাগারে যাওয়া ১০ আইনজীবী হলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয়কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর ও মোহাম্মদ জাকির হোসেন। আর জামিনপ্রাপ্তরা হলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য শারমিনা ইয়াসমিন নিশু, মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুজলা অন্তরা, অ্যাডভোকেট উম্মে হাবিবা ও আয়েশা হেভেন।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য সেখানে আলোচনার জন্য জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত