মডেল রিধিকার আত্মহত্যায় প্রেমিক হাসিবুর কারাগারে 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৫ এএম

মডেল ও অভিনেত্রী লিনা আক্তার রিধিকার লাশ উদ্ধারের মামলায় গ্রেপ্তার তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আগামীকাল মঙ্গলবার আসামির জামিন শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি হাসিবুর মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে লিনাকে মানসিক যন্ত্রণা দিতেন এবং আত্মহত্যায় প্ররোচনা দেন। নির্যাতন ও প্ররোচনা সহ্য করতে না পেরে গত ১৫ আগস্ট ভোর ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় লিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।

গত ১৫ আগস্ট ভাটারা এলাকার একটি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিধিকার লাশ উদ্ধার করা হয়। ঘটনার আগে রাত ১১টার দিকে লিনা এবং হাসিবুরের মধ্যে মোবাইল ফোনে বাগ্বিত-া শুরু হলে লিনা তার বান্ধবীদের ড্রয়িং রুমে গিয়ে ঘুমাতে বলেন। পরবর্তী সময়ে ভোর অনুমান ৫টা ৩০ মিনিটে আসামি হাসিবুর লিনার ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে হাসিবুর জানান, রিধিকা তার ওপর রাগ করে গলায় ফাঁস দিয়েছে। পরে সবাই ঘরে ঢুকে লিনাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিনাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিধিকার মা মনি বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত