পুরান ঢাকার সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মো. মিতুল নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ওই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সাবেক ছাত্রদল নেতা কিরণের অনুসারী বলে জানা গেছে। তিনি ঝালকাঠি জেলার রাসেল সরদারের ছেলে।
ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রকি, সাগর, রাসেল, জারিফ, আশরাফুল, ছাবরিন, জুনাইদ, মোস্তাকিম, রোকন ও নাজমুল।
গতকাল রবিবার সন্ধ্যায় পরিদর্শক (অপারেশন) মতিউর রহমান জানান, হত্যাকা-ের ঘটনায় সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেছে নিহতের বাবা রাসেল সরদার। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এই হত্যাকা-ে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। দুই পক্ষই ওই মার্কেটে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে প্রাথমিকভাবে তাদের আন্তঃকোন্দল থেকেই এই হত্যাকা- বলে জানা গেছে। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী সাবেক যুবদল নেতা সোবহান এবং সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ উভয়েই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার অনুসারী। পদ-পদবি ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কাপড় কাটার কাঁচি দিয়ে মিতুলের বুকে আঘাত করা হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।