নারায়ণগঞ্জে ৩ দাবিতে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় আজাদ রিফাত নামে একটি পোশাক কারখানায় তিন দাবিতে বিক্ষোভ করেছেন পাঁচ শতাধিক শ্রমিক। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে আশপাশের একাধিক গার্মেন্টসে আতঙ্ক দেখা দেয়। পরে বিক্ষোভের মুখে এদিন বিকেল ৫টায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়। এরপর শ্রমিকরা কাজে যোগদান করেন। ফতুল্লার কুতুবআইল এলাকায় আজাদ রিফাত গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, কারখানার পিএম মিন্টু শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। কথায় কথায় শরীরে হাত দিয়ে লাঞ্ছিত করেন। এজন্য পিএম মিন্টুর পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে জুলাই মাসের বকেয়া বেতন ও আগামী মাস থেকে বেতন বৃদ্ধির দাবিতে কর্মরত পাঁচ শতাধিক শ্রমিক সকাল থেকে কর্মবিরতি দিয়ে কারখানার সামনেই বিক্ষোভ করেন। দুপুরে মালিকপক্ষ এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে। প্রথমে মালিকপক্ষ কোনো দাবিই মানতে চায়নি। তখন শ্রমিকরা সেøাগান দেন। এতে আশপাশের পোশাক কারখানায় মালিক ও শ্রমিকদের মধ্যে বিক্ষোভের বিষয়টি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এরপর শ্রমিকদের দাবি মেনে নেয় এবং পিএম মিন্টুর বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় মালিকপক্ষ। এতে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগ দেন। আজাদ রিফাত গার্মেন্টসের কর্মকর্তা মামুন মিয়া বলেন, আলোচনা করে সমস্যা সমাধান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত