যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিষয়টি তদন্তে দুটি কমিটি করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তার (প্রভাস কুমার) নামে নারী হয়রানির অভিযোগ ছিল এবং প্রশ্নফাঁস-সংক্রান্ত অভিযোগও ছিল। ইতিপূর্বে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম এবং আমাদের এখানে যে যৌননিপীড়ন সেল আছে তাদের মাধ্যমে আমরা দুটি তদন্ত কমিটি গঠন করি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এরপর তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়েছিল। এরপর ১৩ তারিখের সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’