দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ছিল বেশ মুখরিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের শুরুতেই সংসদ কক্ষে উপস্থিত হয়ে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সংসদ ভবনে আয়োজিত নির্বাচনে সংসদ সদস্যদের ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

এ জয়ের মাধ্যমে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

দীর্ঘ সাড়ে তিন দশক পর সংসদীয় ব্যবস্থার অধীনে সংসদকক্ষে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলো। ১৯৯১ সালের পর এটিই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে আইনি বাধ্যবাধকতা মেনেই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার পরিচালনাকারী দল বিএনপি থেকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল। সংবিধানের নিয়ম অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় জয়ের সমীকরণ আগেই স্পষ্ট হয়ে ওঠে।

ভোট গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ছিল বেশ মুখরিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের শুরুতেই সংসদ কক্ষে উপস্থিত হয়ে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। এ সময় তার পাশের আসনে বসা প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সংসদ সদস্যের খোঁজখবর নেন। বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ ত্যাগ করে নিজ কার্যালয়ে যান।

বিকেল ৫টায় ভোটদান শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল পর্যবেক্ষণ শেষে ফলাফল ঘোষণা করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সংসদ ভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে সংসদের চিফ হুইপ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত