বিডিআরআইএসের সঙ্গে নগদের চুক্তি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম

জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ সুগম করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে গতকাল মঙ্গলবার এ চুক্তি সই হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

নগদ জানিয়েছে, সাধারণত এনআইডির মাধ্যমে গ্রাহকদের পরিচয় যাচাই করে থাকে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার সুবিধা নিশ্চিত করতে এই চুক্তির আওতায় তারা জন্মসনদ ব্যবহারের সুযোগ পাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক। এই চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভা-ারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হলো, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘বিডিআরআইএসের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এনআইডি কার্ড না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত