সোনাল দিনুশায় টেস্ট ক্রিকেটের জয়

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:২০ এএম

কলম্বো টেস্টে ইতিহাসের অন্যতম সেরা এবং রোমাঞ্চকর এক ম্যাচ বাঁচানোর গল্প লিখল শ্রীলঙ্কা। ভারতের পাহাড়সম রান আর ফলোঅনের জোড়া চাপ মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছিল তারা সোনাল দিনুশার দৃঢ়চেতা ব্যাটিংয়ে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ভারতীয় বোলারদের সমস্ত আক্রমণ বুক চিতিয়ে প্রতিহত করে ১৫৪ ওভার ব্যাটিং করে ড্র ছিনিয়ে এনেছেন শ্রীলঙ্কান লায়নরা।

ব্যাট হাতে যেন দেওয়ালে পরিণত হয়েছিলেন সোনাল দিনুশা। চার-ছক্কার ঝলকানি নয়, ছিল অবিশ্বাস্য আত্মসংযম আর একাগ্রতার প্রদর্শনী। তার দুর্দান্ত অপরাজিত ১৩৩ রান এবং শেষ দিকের ব্যাটারদের পাহাড়সম ধৈর্যের ওপর ভর করে ভারতের নিশ্চিত জয়ের স্বপ্ন ভেস্তে দেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে অলআউট করতে শেষ দিনে আর মাত্র ৪ উইকেটের প্রয়োজন ছিল ভারতের। কিন্তু ৬ উইকেটে ২২৯ রান নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে ১০০ রান তুলে নেন দিনুশা আর কেশারা নুয়ান্থা। লঞ্চের ঠিক পরেই ভারতের স্পিনার মানব সুথার টার্ন ও বাউন্সে কেশরা নুয়ান্থাকে গালিতে ক্যাচ বানালে স্বাগতিকদের এগিয়ে থাকার ব্যবধান ছিল মাত্র ১১৭ রান। তখনো দিনের প্রায় দুটি পূর্ণ সেশন বাকি থাকায় জয়ের পথেই ছিল ভারত।

তবে আসল চমক দেখায় শ্রীলঙ্কার টেল-এন্ডাররা। নুয়ান্থা-দিনুশার ১১২ রানের সপ্তম জুটি ভাঙার পর ভারতের বোলারদের টানা ৪৯.২ ওভার আটকে রাখে স্বাগতিকদের শেষ তিন জুটি। প্রভাত জয়সুরিয়া দিনুশাকে সঙ্গ দিয়ে ৭১ বল ক্রিজে কামড়ে পড়ে ছিলেন। শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হন। প্রথম ইনিংসে ভুল শট খেলে আউট হওয়া লাহিরু কুমারা এবার পুরোপুরি নিজেকে বদলে ফেলেন। টানা দুই ঘণ্টা ক্রিজে টিকে থেকে ৯০ বলে মাত্র ১২ রান করেন এবং দিনুশার সঙ্গে ১৭০ বলে ৪৭ রানের এক অনবদ্য জুটি গড়েন। কুমারার আউটের পর নামা অসিতা ফার্নান্দোকে নিয়ে আরও ৫৬ বল পার করে দেন দিনুশা।

শ্রীলঙ্কার লিড যখন ২১৬ রানে পৌঁছায়, ভারত নিজেদের জয়ের আশা ছেড়ে দিয়ে পার্ট-টাইম বোলারদের হাতে বল তুলে দেয়। শেষ সেশনের শেষ ঘণ্টা শুরু হতেই শ্রীলঙ্কা নিজেদের ইনিংস ৪২৯/৯ রানে ডিক্লেয়ার করে এবং দুই অধিনায়ক হাত মিলিয়ে ড্র মেনে নেন।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক শুবমান গিল বলেছেন ক্রিকেটের জয় হয়েছে, ‘আমরা প্রায় ১৫০ ওভার ফিল্ডিং করেছি এবং আমাদের সাধ্যমতো সব চেষ্টা করেছি। আমার মনে হয় না আমরা অন্য কোনোভাবে বা নতুন কিছু করতে পারতাম। আবহাওয়া ও পরিস্থিতির কথা মাথায় রাখলে এগুলো (ফলো-অন করানোর সিদ্ধান্ত) নিয়ে কেবল পরের দিনই এমন কথা বলা সম্ভব। সেই মুহূর্তে যেটাকে সবচেয়ে সেরা সিদ্ধান্ত মনে হয় আপনি সেটাই নেবেন, কিন্তু কিছু বিষয় আমাদের পক্ষে আসেনি। তবে এটি একটি দারুণ চমৎকার ম্যাচ ছিল এবং আমার মনে হয় আজ টেস্ট ক্রিকেটেরই জয় হয়েছে।’

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৫০৩/৯ ডিক্লেয়ার (পাডিক্কাল ১১৭, জুড়েল ১১৫*; অসিত ৩/১০৬)।

শ্রীলঙ্কা : ২৯০ (দিনুশা ১০৩*, সুরিয়াবান্দারা ৮০; প্রসিদ্ধ ৩/৫২, সুথার ৩/৮৫) ও (ফলো-অন) ৪২৯/৯ ডিক্লেয়ার (দিনুশা ১৩৩*, সুরিয়াবান্দারা ৯২; জাদেজা ৩/৯৪, সুথার ৩/১২১)। ফলাফল : ম্যাচ ড্র। সিরিজের ফল : ভারত ১-০ টেস্টে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত