পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজের সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরে ‘নিকিমথ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিক উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের 'নিকিমথ' কোম্পানির অধীনে এমটিইউ-২ (MTU-2) শাখায় নিয়োজিত ছিলেন।
পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিকিমথ কোম্পানির OOUKS ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত আনুমানিক ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।