গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে গত ১৭ আগস্ট এ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায় যেকোনোদিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ রাখা হয়। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি বলেন, ‘আসামি পক্ষ, বাদী পক্ষ উভয়ের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন এটি রায়ের জন্য থাকবে বলে আমরা আশা করছি।’
মামলার সাত আসামি হলেন, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামির সবাই পলাতক এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে,তারা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানসহ সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা ও দমনপীড়নে আসামিরা ভূমিকা রাখেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।