ফুটবল লিগে গোলবন্যা; দুই জনের হ্যাটট্রিক

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

গতকালের মতো আজও বাংলাদেশ ফুটবল লিগে গোলবন্যা বয়ে গেছে। গতকাল বসুন্ধরা কিংস ৭, ফর্টিজ ৬ গোলে হারিয়েছিল প্রতিপক্ষকে। আজ পুলিশ ৮-০ গোলে ফকিরেরপুল আর মোহামেডান ৬-০ গোলে আরামবাগকে হারিয়েছে। দুই ম্যাচেই হ্যাটট্রিক হয়েছে। পুলিশের হয়ে হ্যাটট্রিক করেছেন সেনেগালের খেলোয়াড় রসুল মোহামেদ বা। আর মোহামেডানের হ্যাটট্রিক করেছেন সুলেমান দিয়াবাতে। 

এ নিয়ে এবারের লিগে হ্যাটট্রিক সংখ্যা দাড়ালো ৪। এর আগে বসুন্ধরা কিংসের মোহাম্মদ সাব্বির হাসান এবং ফর্টিজের ওকাফোর হ্যাটট্রিক করেছিলেন। 

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে ৩৬ ও ৩৯ মিনিটে দিয়াবাতের দুই গোলে এগিয়ে যায়। দুটি গোলেই অ্যাসিস্ট ছিল শাহরিয়ার ইমনের। বিরতির পরপরই আরিফ হোসেনের অ্যাসিস্টে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। 

তিন মিনিট পর আবার গোল মোহামেডানের। এবার শান্তর অ্যাসিস্টে গোল করেন শাহরিয়ার ইমন। 

এরপর ৬৭ ও ৮২ মিনিটে সৌরভ দেওয়ান গোল করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। 

ওদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে কিক অফের ১৬ মিনিটে মানিক মোল্লা পুলিশের গোল বন্যার শুরু করেন। প্রথমার্ধেই মোহাম্মদ বাবুল জোড়া গোল করে পুলিশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ৪৮ মিনিটে রাহুল নিজে গোল করার পর রসুল বার প্রথম দুই গোলে অবদান রাখেন। ৮১ মিনিটে বাবলুর অ্যাসিস্টে হ্যাটট্রিক পূর্ণ করেন বা। বা আবার ৯০ মিনিটে ফয়সালের গোলে বল বানিয়ে দেন। 

তিন ম্যাচে তিন জয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো পুলিশ। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিজ এবং সিটি ক্লাব। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান। ২ ম্যাচে ৪ পয়েন্ট করে পেয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত