দেশ ও জাতির উন্নয়নে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য মাদক ছেড়ে মাঠে আসতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বরের বড় হাতকড়া একতা যুব ক্লাব আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, নির্বাচনের আগে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। এখন এলাকার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে এসব অপরাধ দূর করা না গেলে জাতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। গত পাঁচ মাসে সরকারের বরাদ্দ করা অর্থে দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটের উন্নয়ন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ধামশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একটি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে এবং আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাকসুদুল হক মুকুল, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাপ আহমেদ বুলবুল এবং ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, চকমিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক খান সোহেল, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, আরিয়ান হোসেন সাগর, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান এবং সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ কায়সার নাঈমসহ অনেকে।
টুর্নামেন্টে ধামশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুটবল দল ও ৬ নম্বর ওয়ার্ড ফুটবল দল অংশ নেয়। নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৯ নম্বর ওয়ার্ড ফুটবল দল বিজয়ী হয়। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।