মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ এএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এরপর গতকাল শুক্রবার সকালে নির্বাচনে পরাজিত প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসেনের শহরের হাজিপাড়ার বাসায় যান তিনি। এ সময় নির্বাচিত ও পরাজিত দুই প্রার্থী কুশলবিনিময় এবং কোলাকুলি করেন। পরে একে অপরকে মিষ্টি মুখ করান তারা। এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একে অপরকে সহযোগিতা, পরামর্শ ও  একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ভোটের ফল ঘোষণা করেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫ ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩ এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে। উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই।

সর্বশেষ সর্বাধিক পঠিত