আবাসন খাতে আস্থা ফেরাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা জরুরি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

আবাসন খাতে আস্থা ফেরাতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ভূমি সেবার ডিজিটাল রূপান্তর মালিকানাসংক্রান্ত জটিলতা কমানোর পাশাপাশি ক্রেতাদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য দেশের প্রতিটি এলাকায় ভূমির ডিজিটাল রেকর্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্পে স্মার্ট জোন তৈরির কাজও চলছে।

গতকাল শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে ‘ফার্স্ট রিয়েল এস্টেট ইনোভেশন সামিট ২০২৬’-এ গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উদ্ভাবন, প্রযুক্তি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রিয়েল এস্টেটের ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করে ‘প্রপার্টি খবর’। এতে গোল্ড স্পন্সর ছিল রূপায়ণ স্কাই ভিলা ও রূপায়ণ সিটি উত্তরা।

প্রতিমন্ত্রী বলেন, আবাসন খাতের টেকসই উন্নয়নের জন্য ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি অপরিহার্য। ভূমি ব্যবস্থাপনার প্রধান সমস্যা হলো রেকর্ড। এই সমস্যা দূর করতে দেশের প্রতিটি জায়গায় ডিজিটাল রেকর্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে পাইলট প্রকল্প হিসেবে স্মার্ট জোন তৈরির কাজও চলমান রয়েছে। সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলেই সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সম্ভব।

২১০০ সালের জনসংখ্যা বিবেচনায় শতবর্ষী পরিকল্পনার প্রস্তাব রিহ্যাব প্রেসিডেন্টের : দেশের জনসংখ্যা ও ভবিষ্যৎ আবাসন চাহিদা বিবেচনায় ২১০০ সালকে সামনে রেখে ১০০ বছরের পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। তিনি বলেন, জনসংখ্যা বাড়লেও দেশের জমির পরিমাণ বাড়ছে না। তাই এখনই জমির ব্যবহার নির্দিষ্ট করে দেওয়া এবং ঢাকার ওপর চাপ কমাতে আশপাশের জেলাগুলোতে স্যাটেলাইট সিটি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

রিহ্যাব সভাপতি বলেন, দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৯ কোটি। ২০৫০ সালে তা ২৫ কোটি এবং ২১০০ সালে ৩৫ থেকে ৩৬ কোটিতে পৌঁছাতে পারে। এত মানুষের আবাসন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মৌজা পর্যায়ে জমিকে বন, জলাধার, শিল্প, আবাসন ও কৃষি এই পাঁচ শ্রেণিতে ভাগ করে ব্যবহার নির্ধারণ করা প্রয়োজন। রাজনৈতিক বা অন্য কোনো কারণে যেন নির্ধারিত ভূমির ব্যবহার পরিবর্তন করা না যায়, সেই ব্যবস্থাও রাখতে হবে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার জনসংখ্যার চাপ কমাতে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বে স্যাটেলাইট সিটি গড়ে তোলা সম্ভব। এ জন্য সরকারকে জমি অধিগ্রহণ ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান রিহ্যাব সভাপতি। পাশাপাশি জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ব্যয় ১১ থেকে ১৬ শতাংশ থেকে কমিয়ে ৩ থেকে ৪ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেন। আবাসন খাতের উদ্যোক্তাদের জন্য এক অঙ্কের সুদে ঋণ এবং ক্রেতাদের দীর্ঘমেয়াদি স্বল্প সুদের গৃহঋণ চালুরও দাবি জানান তিনি।

উদ্ভাবনী ধারণায় আবাসন খাতে নতুন সম্ভাবনা দেখছে রূপায়ণ : নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার প্রয়োগে দেশের আবাসন খাতে পরিবর্তন আনতে কাজ করছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, যেকোনো উদ্ভাবনের শুরু হয় চিন্তা থেকে। সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারলেই নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। বাংলাদেশের আবাসন খাতে রূপায়ণ বেশ কিছু নতুন ধারণা বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও উদ্ভাবন ও পরিবেশবান্ধব নির্মাণে কাজ করবে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, রূপায়ণ দেশে প্রথম স্যাটেলাইট সিটির ধারণা বাস্তবায়ন করেছে। পরে উত্তরায় গড়ে তোলা হয়েছে রূপায়ণ উত্তরা প্রিমিয়াম গেটেড কমিউনিটি। এসব প্রকল্পে শিক্ষা, দৈনন্দিন প্রয়োজনীয়তা ও ধর্মীয় উপাসনাসহ নাগরিক জীবনের প্রয়োজনীয় সুবিধা একই এলাকায় নিশ্চিত করা হয়েছে। জমির স্বল্পতা মোকাবিলায় রূপায়ণ ‘ভার্টিক্যাল ভিলা’ বা ‘স্কাই ভিলা’র ধারণা নিয়ে এসেছে। এতে ১০ তলা পর্যন্ত ভিলা উল্লম্বভাবে নির্মাণ করা হয়েছে। তার মতে, আবাসন খাতে নতুন ধারণা বাস্তবায়নে দক্ষ পেশাজীবী, প্রকৌশলী ও উদ্ভাবকদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

সম্মেলনে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, প্রপার্টি খবরের প্রতিষ্ঠাতা ও প্রপটেকবাজের কান্ট্রি ম্যানেজার আরিফ হাসান, টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, আনোয়ার গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফোরকান এন. হোসেন ও চিফ মার্কেটিং অফিসার গালিব মোহাম্মদসহ রিয়েল এস্টেট, নির্মাণ, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি, স্থাপত্য ও নগর উন্নয়ন খাতের দুই শতাধিক উদ্যোক্তা, শীর্ষ নির্বাহী, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আনোয়ার ইস্পাতের পরিবেশনায় এবং আনোয়ার সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সম্মেলনে আরও গোল্ড স্পন্সর ছিল দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড ও টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড। কো-পার্টনার কনকর্ড, রিহ্যাব, ফ্লিক বাংলাদেশ, এআই পলিমার, ডিউলা রুফ ও ভাইয়া হোটেলস। অ্যাসোসিয়েট পার্টনার ভিন্টেজ এআই ও প্রপার্টি ইনডেক্স লিমিটেড এবং ফাইন্যান্সিয়াল পার্টনার এসবিএসি ব্যাংক। মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য গ্র্যাজুয়েটস ও এশিয়া পোস্ট। এ ছাড়া ক্রিয়েটিভ পার্টনার ট্রিভিয়া, কমিউনিটি পার্টনার প্রপটেকবাজ, একাডেমিক পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্ট্র্যাটেজিক পার্টনার জেনিথ।

সর্বশেষ সর্বাধিক পঠিত