ট্রাম্প-পুতিন বৈঠকের মূল বিষয় ইউক্রেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্স। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই নেতার আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও আলোচনা হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এই কূটনৈতিক বৈঠক থেকে বড় ধরনের কোনো সমঝোতা আসার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইউক্রেন যুদ্ধ, ইরান, পারমাণবিক অস্ত্র এবং বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলার কথা নেই। তবে ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় তিনি বিষয়টি উত্থাপন করতে পারেন।

এর আগে ২০২৫ সালে আলাস্কায় পুতিনের সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে সেই বৈঠকেও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত