নড়াইলে কৃষকদল নেতা শাহিন হত্যায় রিজভীসহ নেতাদের নিন্দা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব মো. শাহিন (৪৩) দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা দেশে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব মো. শাহিনের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, এসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করতে না পারলে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে শাহিন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী। একই সঙ্গে তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে পৃথক বিবৃতিতে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা শাহিন হত্যায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত