মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক আদালতের রায়

দীর্ঘ সাত বছর বিচারিক কার্যক্রম শেষে আজ মামলাটির রায় ঘোষণা করলেন আদালত।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। খবর বিবিসি। 

আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে দেওয়া এ রায়ে ৯ জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে ৬ জন বিচারক রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন।  

২০১৯ সালে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ সাত বছর বিচারিক কার্যক্রম শেষে আজ মামলাটির রায় ঘোষণা করলেন আদালত। গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।  

২০১৭ সালের আগস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়ন ও অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। 

প্রথম দিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাঁদের প্রবেশে কড়াকড়ি আরোপ করলেও পরে সীমান্ত খুলে দেওয়া হয়। এরপর নাফ নদী পেরিয়ে ছোট ছোট নৌকায় করে ঢলের মতো বাংলাদেশে প্রবেশ করেন রোহিঙ্গারা। তাঁদের অনেকে স্থলসীমান্ত দিয়েও বাংলাদেশে আশ্রয় নেন।

সেই অভিযানে ব্যাপক হত্যা, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ ওঠে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও দায় নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতে গড়ায় মামলাটি।

আইসিজের রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে নির্যাতন ও দুর্ভোগের শিকার হয়েছেন, এই রায় তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে গণহত্যা ও গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভিগনোলি মিয়ানমারকে দ্রুত আদালতের রায় মেনে নিয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানান তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত