‘পরাজিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ১১ দল’

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ এএম

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের নেতারা বলেছেন, দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকা- ও নৈরাজ্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি পুনর্ব্যক্ত করেছেন তারা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মাওলানা মামুনুল হক বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পরাজিত ফ্যাসিবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছিলেন তারা। বৈঠক থেকে জাতির কাছে ঐক্যের বার্তা দিতে চান তারা।

তিনি বলেন, আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। এই ঐক্যে বিভক্তি তৈরি হলে দেশের ক্ষতি হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়ায় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধানের ঐক্যের আহ্বানে জামায়াত আমির সাড়া দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, বিরোধীদলীয় নেতা ইতিমধ্যে সরকারপ্রধানের আহ্বানে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। সরকারও ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।

সাম্প্রতিক হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা জানান তিনি। সরকারকে অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন।

১১ দল তাদের সাত দফা দাবি থেকে সরে আসেনি জানিয়ে মামুনুল হক বলেন, জনগণের মতামতের বাইরে কোনো পদক্ষেপ নেবে না জোট। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে। জোটগতভাবে এবং পৃথকভাবেও দলগুলো মাঠে সক্রিয় থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত