দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্যদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি তল্লাশি, চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, কেপিআই, সড়ক ও জনবহুল এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে।
এরই মধ্যে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ১০৭ নেতাকর্মী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সভাপতিম-লীর সদস্য নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর এলাকায় বাড়তি নজরদারি চলছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট : দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেবিচক। বুধবার দেওয়া জরুরি নির্দেশনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার কথা বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে যাত্রী ও যানবাহনের তল্লাশি জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরের পাশাপাশি বাইরের অংশেও সার্বক্ষণিক নজরদারি এবং সশস্ত্র নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের সড়ক ও এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে। এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় নিরাপত্তা টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দর এলাকায় এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বেবিচকের সমন্বয় চলছে।
বিমানবন্দরগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় সম্ভাব্য নাশকতা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ব্লক রেইড ও চিরুনি অভিযানে গ্রেপ্তার ১০৭ নেতাকর্মী: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ডিএমপি। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। কার্যক্রমনিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে এ অভিযান চলছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রয়েছেন। গত বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, গ্রেপ্তারের কিছুক্ষণ আগে ডিবি পরিচয়ে কিছু লোক ওই বাসায় গিয়ে টাকা-পয়সা অলঙ্কার নিয়ে গেছে।
বাসায় লুটপাটের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দেশ রূপান্তরকে বলেন, ‘আমিসহ উত্তরা পশ্চিম থানার থানার একটি দল নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করতে গেলে পরিবারের পক্ষ থেকে বাসায় লুটপাটের অভিযোগ করেন। তবে তারা থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি।’
তিনি বলেন, পুলিশ সদস্যরা বাসায় প্রবেশের সময় পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রাত ১০টার দিকে একদল লোক বাসায় এসে লুটপাট করে। তবে তারা কারা সেটা বলতে পারেনি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির এ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন বাসাবাড়ি ও এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঢাকায় বাড়ানো হয়েছে চেকপোস্ট, ১৭৭ স্থানে নজরদারি : রাজধানীতে নাশকতা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট ও টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিভিন্ন সড়কে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। যাত্রী ও চালকদের জিজ্ঞাসাবাদও করছেন পুলিশ সদস্যরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে পুলিশের চেকপোস্টের সংখ্যা বেড়ে ১৭৭টিতে দাঁড়িয়েছে। আগে যেখানে সীমিতসংখ্যক স্থানে তল্লাশি চলত, সেখানে এখন নগরীর মেট্রোরেল স্টেশন এবং ফ্লাইওভারের ওঠা-নামার মুখে বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চলছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, আদালতপাড়া, সচিবালয়, পুলিশ স্থাপনা, কূটনৈতিক এলাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এসব স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সামাজিক মাধ্যম ও অনলাইন যোগাযোগের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের লক্ষ্য, নাশকতার পরিকল্পনা প্রতিরোধের পাশাপাশি বিস্ফোরক, অস্ত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল শনাক্ত করা।
গোয়েন্দা নজরদারিতে বিস্ফোরক ও নাশকতার পরিকল্পনা : নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ১৮ নভেম্বর রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ডিসেম্বর মাসে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনের বিষয়ে অনুসন্ধান চলছে
ডিবির দাবি, উদ্ধার করা গানপাউডার ব্যবহার করে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিসংযোগ এবং নাশকতার পরিকল্পনা ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতে প্রমাণের বিষয়টি এখনো বাকি।
গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বাড়তি নিরাপত্তা : রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলোতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জে প্রায় দুই হাজার পুলিশ সদস্য, বিজিবির ২৭ প্লাটুন এবং আনসার ব্যাটালিয়নের আট প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকা- প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা, নাশকতা কিংবা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে নিরপরাধ কাউকে হয়রানি না করে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও রয়েছে।
আতঙ্ক ও উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও রাজনৈতিক সংঘাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ সড়কে বিস্ফোরণের ঘটনায় কর্মজীবী মানুষ ও যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে বাস মালিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবারের বার্ষিক পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি তল্লাশির কারণে যানবাহনের চলাচলে কিছুটা ধীরগতি তৈরি হচ্ছে। তবে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস পুলিশের : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য নাশকতার তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, অগ্নিসংযোগ, বিস্ফোরণ কিংবা জননিরাপত্তা বিঘিœত করার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে ১৯ নভেম্বর রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, রাজধানীতে ব্লক রেইড, দেশজুড়ে পুলিশি তল্লাশি, সীমান্তে নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।