দেশে এলইইডি সনদপ্রাপ্ত সবুজ কারখানা এখন ৩০২

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ এএম

বাংলাদেশে এলইইডি সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ৩০২টিতে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার নতুন করে ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও এক্সেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সনদ পাওয়ায় এ মাইলফলক অর্জিত হয়েছে।

ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি এলইইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে বাংলাদেশে। দেশের ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড সনদ পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে।

নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম ও তিনটি গোল্ড সনদ পেয়েছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট নিয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড।

প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলো হলো ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, প্রবৃদ্ধি অ্যাপারেলস, এফকেএল প্রিন্টিং বিল্ডিং, এল ইউসিন ফ্যাশন, ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার, কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, প্যাক্সার বাংলাদেশ এবং এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড। অন্যদিকে বর্ণালি কালেকশন্স লিমিটেডের নিটিং ইউনিট, বেস্টেক বিডি এবং এক্সপোর্ট বিল্ডিং-২ গোল্ড সনদ পেয়েছে।

এলইইডি সনদ প্রদানে ভবনের পরিবেশগত কার্যকারিতা, জ্বালানি ও পানির সাশ্রয়, নির্মাণসামগ্রীর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ পরিবেশের মান বিবেচনা করা হয়।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর দেশের পোশাকশিল্পে নিরাপত্তার পাশাপাশি পরিবেশবান্ধব কারখানা নির্মাণে গুরুত্ব বাড়ে। তবে বাংলাদেশের প্রথম এলইইডি সনদপ্রাপ্ত কারখানা ছিল পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভিনটেজ ডেনিম স্টুডিও, যা ২০১২ সালে প্লাটিনাম সনদ পায়।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ বা এলইইডি সনদ প্রদান করে। এ সনদের চারটি স্তর রয়েছে প্লাটিনাম (৮০ বা বেশি), গোল্ড (৬০-৭৯), সিলভার (৫০-৫৯) এবং সার্টিফায়েড (৪০-৪৯ পয়েন্ট)। কারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনাও এ সনদ পেতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত