কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ দগ্ধ ৫ জনের মধ্যে একজনের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ এএম

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে গৃহবধূ ইফতি সাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

ডা. সুলতান মাহমুদ জানান, সাবার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ, স্বামী আব্দুর রহমান মানিকের ৬ শতাংশ এবং তাদের পাশের রুমের ভাড়াটিয়া সানজিদা ইসলামের ৩৭ শতাংশ ও তার মা শামসুন্নাহার বেগমের ৪০ শতাংশ পুড়ে গেছে। শিশু মাহাদের অবস্থা আশঙ্কাজনক। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক, তার স্ত্রী ইফতি সাবা ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন, পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম ও তার মা শামসুন্নাহার বেগম।

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই। মানিক জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত