পোশাকশ্রমিকদের মজুরি

শান্তিপূর্ণ আলোচনার আহ্বান আইএলওর

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে ন্যূনতম মজুরি পর্যালোচনা কেন্দ্র করে চলমান পরিস্থিতি, শ্রম অসন্তোষ এবং এর ফলে শ্রমিকদের জীবন-জীবিকা ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটি পোশাকশ্রমিকদের মজুরি ইস্যুতে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।

ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য সরকার মজুরি বোর্ড গঠন করায় আইএলও সন্তোষ প্রকাশ করেছে। আইএলও মনে করে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের উপযুক্ত মজুরি, শোভন কর্মপরিবেশ ও টেকসই শিল্পপ্রতিষ্ঠান নিশ্চিতের পাশাপাশি শিল্পে সুসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ জরুরি।

আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণবিষয়ক কনভেনশন (নম্বর ১৩১) অনুযায়ী, নূ্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয় হতে হবে স্বচ্ছ এবং তথ্য-প্রমাণভিত্তিক।

আইএলও মনে করে, মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত সব পক্ষ ও অংশীজনের যৌথ দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম ও ক্রয়প্রক্রিয়া শ্রমিকদের মজুরি পরিশোধের বাধ্যবাধকতা, শোভন কাজ এবং পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

এ সংকটময় সময়ে শিল্পে সুসম্পর্ক বজায় রাখার জন্য সংগঠন করার স্বাধীনতা, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সম্মান করার ওপর গুরুত্ব দিয়েছে আইএলও। একই সঙ্গে সহিংসতা, ভাঙচুর ও শিল্পকারখানার কার্যক্রমে বিঘœ ঘটার বিভিন্ন প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। উত্তেজনা রোধে সব পক্ষকে শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে আইএলও, যাতে মজুরি বোর্ড তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত