দেশের চা বাগানগুলোতে সাধারণত প্রায় তিন থেকে চার ফুট উচ্চতার চা গাছ দেখা যায়। তবে কোনো বাধা না পেলে একটি পূর্ণ চা গাছ প্রায় ৫০ ফুট পর্যন্ত হতে পারে। বাণিজ্যিক উৎপাদনের জন্য বাগানের চা গাছগুলোকে তিন থেকে চার ফুট উচ্চতার হলেই ছাঁটাই করা হয়। এতে গাছগুলো শাখা-প্রশাখা বিস্তার করে ঘন ঝোপালো হয়। এভাবে প্রতি বছরই চলে ছাঁটাইয়ের কাজ। এর ফলে চা গাছগুলোতে প্রচুর কচি পাতা হয় এবং শ্রমিকরা অত্যন্ত সহজেই পাতাগুলো সংগ্রহ করতে পারেন।
বাগানের প্লান্টেশন এরিয়ায় ঢেউ খেলানো তিন থেকে চার ফুট উচ্চতার চা গাছের পাশাপাশি অধিকাংশ চা বাগানেই রয়েছে ৩০ থেকে ৫০ ফুট উচ্চতার চা গাছও। এ গাছগুলোকে বলা হয় ‘মাদার ট্রি’ বা মা গাছ। চা বাগানের যে সেকশনে মা গাছ রয়েছে সেটাকে বলা হয় গুটিবাড়ি। এসব মা গাছে খুবই সুন্দর চা ফুল ও অনেকটা গোলাকার ফল ধরে। ফলগুলোকে বলা হয় চা ফল বা গুটিবীজ। এগুলো মূলত চা গাছের বংশবিস্তারের কাজে ব্যবহৃত হয়ে থাকে। চা বাগানের সুউচ্চ মা গাছগুলোর ফল সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার মাধ্যমে বাগানগুলোতে রোপণ করা হয় চায়ের চারা। এভাবেই চলছে শতাব্দীর পর শতাব্দী।
গবেষকদের মতে, চা গাছের চারা তৈরিতে একসময় বীজ থেকে চারা উৎপাদনের কোনো বিকল্প ছিল না। বর্তমানে উৎপাদন বৃদ্ধি, চারার মান ভালো এবং সময় ও শ্রম কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এর মধ্যে জনপ্রিয় হলো ক্লোনাল পদ্ধতি, একক পাতা ও ইন্টারনোড কাটিং পদ্ধতি। সেই সঙ্গে চা বাগানগুলোতে সেই প্রাচীনকালের মাদার ট্রি থেকে বীজ আহরণ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চারা তৈরির পদ্ধতিও রয়েছে। এ কারণে মৌলভীবাজারের অধিকাংশ চা বাগানে রয়েছে সুউচ্চ চা গাছের গুটিবাড়ি।
জেলার কুলাউড়ার লোহাউনি-হলিছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক হাফিজুর রহমান আনসারী বলেন, ‘আমাদের প্রায় চা বাগানেই রয়েছে বীজতলা। এ বীজতলায় বিশালাকার মা গাছ রয়েছে। আলাদাভাবে যতœ করে গড়ে তোলা হয় এ বীজতলা। কোনোটির বয়স ৬০ বছর পর্যন্তও আছে। এগুলোকে মুক্তভাবে বেড়ে উঠতে দেওয়া হয়।’
কমলগঞ্জ উপজেলার মহসিন টি হোল্ডিং লিমিটেডের শ্রী গোবিন্দপুর চা বাগানের কারখানা ব্যবস্থাপক ফয়সল শামীম পাভেল বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী মাধবপুর চা বাগানের লেক দেখতে প্রতিদিনই হাজারো পর্যটক ভিড় করেন।