কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেল দেড় বছরের সন্তান

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় মায়ের পর মারা গেল শিশু আরিস রহমান মাহাদ। শনিবার (২১ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়।

শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, মাহদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি জানান, শুক্রবার বিকেলে মাহাদের মা দগ্ধ ইফতি সাবা (২৫) মারা গেছেন। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ, প্রতিবেশী সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ। বাকি দুজন হলেন- পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। তখন একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন সবাই।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত