মায়ের পর মারা গেল শিশুসন্তানও

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় মা ইফতি সাবার (২৫) মৃত্যুর পর মারা গেল দেড় বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ।

গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় শিশুটির। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গত শুক্রবার বিকেলে শতভাগ দগ্ধ নিয়ে মারা যান শিশুটির মা ইফতি সাবা।

ডা. সুলতান মাহমুদ জানান, বর্তমানে সাবার স্বামী মানিক ৬ শতাংশ এবং সানজিদা ৩৭ শতাংশ ও তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও ছেলে দেড় বছর বয়সী আরিস রহমান মাহাদ এবং পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। তাদের পাশের রুমে থাকেন নার্সিং কলেজের শিক্ষার্থী সানজিদা ও তার মা। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা তার ছেলেও ঝলসে যায়। তখন ছেলেকে নিয়ে দৌড়ে বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তার স্ত্রী ও পাশের রুমে থাকা মা-মেয়ে।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়ির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল বা লিক ছিল। সেখান থেকেই সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত