ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক (ইউএসডিএন) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ বিয়ন্ড বর্ডারস : এমপাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন থ্রু পাবলিক সার্ভিস’ শীর্ষক সংলাপ। গতকাল রবিবার এনএসইউর সিন্ডিকেট হলে অনুষ্ঠিত সংলাপে বক্তা ও অংশগ্রহণকারীরা নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা, সীমান্ত পেরোনো সুযোগ এবং জনসেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মার্কিন কূটনীতিক ও হিন্টন স্ট্র্যাটেজিক পার্টনার্সের প্রতিষ্ঠাতা সাবিন হিন্টন। বিশেষ অতিথি ছিলেন ইউএসডিএনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রাদওয়ান চৌধুরী এবং সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ার শেখ গালিব রহমান। আলোচনা করেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক রিজওয়ান খায়ের ও প্রভাষক মো. মাজহার উদ্দিন ভূঁইয়া। সঞ্চালনা করেন এসআইপিজির পরিচালক অধ্যাপক এসকে তৌফিক এম হক। সমাপনী বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে কূটনৈতিক কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে সাবিন হিন্টন শিক্ষার্থীদের নিজের সম্প্রদায় ও দেশের সেবা করার সুযোগ হিসেবে জনসেবাকে বিবেচনা করার আহ্বান জানান। কূটনৈতিক পেশা প্রসঙ্গে তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রসেবায় যোগ দিলে সেটিকে দেশসেবার সুযোগ হিসেবে গ্রহণ করুন। বিজ্ঞপ্তি