দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি শিশুদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থে করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও বিটিআরসি চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর রিট আবেদনটি করেন।
রিট আবেদনে আইসিডিডিআরবির এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। প্রতিবেদনে বলা হয়, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। যদিও এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হয়। এ গবেষণায় আরও বলা হয়, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে।
ব্যারিস্টার ফয়সাল দস্তগীর দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে শিশুরা অবাধে সামাজিক মাধ্যম ব্যবহার করে নানাভাবে প্রভাবিত হচ্ছে। তাদের মধ্যে একাকিত্ব, হতাশা, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া, নেতিবাচক আচরণ দেখা যাচ্ছে, যা খুবই আশঙ্কাজনক। বিভিন্ন দেশে এ বিষয়ে নীতিমালা রয়েছে।’