শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত অনুমোদনের পর এ নামকরণের উদ্যোগ বাস্তবায়িত হয়। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিকাগোর স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে নামফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগটির উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বজুড়ে তিনি এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই স্থাপনার পাশেই এখন শোভা পাচ্ছে খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশিদের সম্পৃক্ত করে নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে সড়কটির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে জনপ্রিয়তাও এ উদ্যোগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টি নামকরণের প্রস্তাবে উল্লেখ করা হয়।
২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।