রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: চারপক্ষীয় বৈঠক চান জেলেনস্কি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের অংশগ্রহণে যত দ্রুত সম্ভব চারপক্ষীয় শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যত দ্রুত সম্ভব এ বৈঠকে বসতে ইউক্রেন প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। বড়দিনের আগেই আলোচনাটি আয়োজনের বিষয়ে অংশীদার দেশগুলোর আগ্রহের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, এর চেয়েও দ্রুত বৈঠকটি হলে তা হবে স্বস্তির। খবর ফ্রান্স২৪।

সোমবার (২৩ নভেম্বর) বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। এ সময় মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরুর সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান জেলেনস্কি।

তিনি বলেন, ‘চারপক্ষীয় বৈঠক, ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অংশগ্রহণে যত দ্রুত সম্ভব আয়োজন নিশ্চিত করতে আমাদের সবকিছু করতে হবে। এ জন্য আমরা প্রস্তুত। আক্ষরিক অর্থেই আগামীকাল বৈঠক করতে পারি।’

এর আগে বিভিন্ন সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে বাইরে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় ইউরোপের অংশগ্রহণের দাবি আরও জোরালো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সামরিক নিশ্চয়তা নয়, বরং ন্যাটোর পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি।

তার মতে, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা, আধুনিক প্রতিরক্ষা শিল্প এবং শক্তিশালী সেনাবাহিনী ন্যাটোর অন্যান্য সদস্যদেশের জন্যও সুফল বয়ে আনবে।
বার্লিনের ওই সমাবেশে জেলেনস্কি বলেন, ‘ন্যাটোই এর সমাধান। আর শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী থাকলে ন্যাটোও আরও শক্তিশালী হবে।’

তবে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়ে জোটের কয়েকটি দেশের নেতার মধ্যে এখনো দ্বিধা রয়েছে। একই অনুষ্ঠানে জেলেনস্কির বক্তব্যের পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইউক্রেনের প্রতি জোটের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে তিনি জানান, কোনো দেশকে সদস্য করতে হলে জোটের সব সদস্যের সম্মতি প্রয়োজন।

রুটে বলেন, ‘এই মুহূর্তে ন্যাটোর সব মিত্রদেশ ইউক্রেনকে সদস্য করার বিষয়ে একমত নয়।’ তবে ন্যাটোর সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার মতো বাইরের কোনো শক্তি শর্ত নির্ধারণ করতে পারে এমন ধারণাও তিনি প্রত্যাখ্যান করেন।

এদিকে গত সপ্তাহে বার্লিনে ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক সমাবেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার জানিয়েছিলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটো চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদের মতো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ওয়াশিংটন।

তবে সোমবারের বক্তব্যে জেলেনস্কি বলেন, ন্যাটোর পূর্ণ সদস্যপদ ছাড়া এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে।

তিনি প্রশ্ন তোলেন, ইউক্রেন আবার আক্রান্ত হলে কোন দেশগুলো তাদের পাশে দাঁড়াবে? এ ধরনের পরিস্থিতিতে অংশীদার দেশগুলো ঠিক কী পদক্ষেপ নেবে? আগাম হিসেবে ইউক্রেনের ভূখণ্ডে কোন কোন দেশের সেনা মোতায়েন থাকবে? এর ব্যয় কত হবে এবং এসব নিশ্চয়তা বাস্তবে কতটা কার্যকর হবে?
জেলেনস্কি বলেন, ‘এসব প্রশ্নের কোনোটিই সহজ নয়। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট কোনো উত্তর পাইনি।’

এ ছাড়া রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে মিত্রদেশগুলোকে নিজেদের মজুত থেকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো গুদামে পড়ে থেকে ধুলো জমার জন্য নয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত