অনলাইনে আপত্তিকর কনটেন্ট ঠেকাতে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

অনলাইনে ক্ষতিকর ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ আইন অনুযায়ী, নিজেদের প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে ব্যর্থ হলে গুগল ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। নতুন এ আইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করার সুযোগও রাখা হয়েছে। চলতি সপ্তাহেই দেশটির পার্লামেন্টে বিলটি পাস হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার সরকার প্রস্তাবিত ‘ডিজিটাল ডিউটি অব কেয়ার’ আইনের বিস্তারিত তুলে ধরে। নতুন এ আইনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করে তা সরিয়ে ফেলা বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রস্তাবিত আইনে জরিমানার পরিমাণ আগের প্রস্তাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর আগে সর্বোচ্চ ১০ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার (৭ কোটি ২২ লাখ মার্কিন ডলার) জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছিল। নতুন প্রস্তাবে প্রতিষ্ঠানের বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানার সুযোগ রাখা হয়েছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয় কয়েক শ বিলিয়ন ডলার হওয়ায় জরিমানার অঙ্কও অনেক বেশি হতে পারে।

ক্ষমতাসীন মধ্য-বামপন্থী লেবার পার্টি সরকার ও বামপন্থী গ্রিনস পার্টির মধ্যে সিনেটে বিলটি নিয়ে সমঝোতা হয়েছে। আইনটি পাস হলে মেসেজিং অ্যাপ, সার্চ ইঞ্জিন ও এআই চ্যাটবটসহ বিভিন্ন অনলাইন সেবার জন্য আগে থেকে প্রচলিত পৃথক আচরণবিধির পরিবর্তে একটি অভিন্ন আইন কার্যকর হবে। এর আওতায় ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, তা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আইনের আওতায় শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান, সম্মতি ছাড়া তৈরি করা নগ্ন ছবি, লিঙ্গভিত্তিক সহিংসতা, আত্মহানিতে উৎসাহিত করা এবং সন্ত্রাসবাদসংক্রান্ত কনটেন্টকে ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হবে।

যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস সাংবাদিকদের বলেন, ‘এটি একটি যুগান্তকারী সংস্কার। জরুরি এ সংস্কার আমরা চলতি সপ্তাহেই পার্লামেন্টে পাস করে অস্ট্রেলীয়দের জন্য কার্যকর করব।’

অনলাইনে আসক্তি তৈরির প্রবণতা কমাতেও নতুন আইনে উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ বছর বা তার বেশি বয়সী অস্ট্রেলীয় ব্যবহারকারীরা চাইলে অ্যালগরিদমনির্ভর ফিড বন্ধ রাখতে পারবেন। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ ও আচরণের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট দেখানোর ব্যবস্থা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘এ উদ্যোগের লক্ষ্য বিদেশি মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠানের পরিবর্তে অভিভাবক ও শিশুদের পাশে দাঁড়ানো।’
তিনি আরও বলেন, ‘এটি বিশ্বে অগ্রণী একটি সংস্কার এবং আমরা তা বাস্তবায়ন করছি। ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে যেমন বিশ্বকে নেতৃত্ব দিয়েছি, এটি তারই পরবর্তী পদক্ষেপ।’

শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিকর কনটেন্ট কমানোর বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণভাবে সরকারের উদ্দেশ্যের সঙ্গে একমত হলেও প্রস্তাবিত বিলের বিরোধিতা করেছে। তাদের আপত্তি, কোন কনটেন্ট ক্ষতিকর হিসেবে বিবেচিত হবে, তা নির্ধারণে সরকারি কর্মকর্তাদের কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের আশঙ্কা, কঠোর জরিমানার বিধান কার্যকর হলে শাস্তি এড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত সতর্ক অবস্থান নিতে পারে। এতে ক্ষতিকর কনটেন্টের পাশাপাশি বৈধ কনটেন্টও সরিয়ে ফেলার প্রবণতা তৈরি হতে পারে।

গ্রিনস পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং বলেছেন, নতুন আইন অস্ট্রেলীয়দের অনলাইন জগতে শোষণের শিকার হওয়া থেকে সুরক্ষা দিতে সহায়তা করবে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আমাদের জীবন নিয়ন্ত্রণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে আমরা কী দেখব, তা নির্ধারণ করেছে। আসক্তি তৈরি করে এমন ও ক্ষতিকর কনটেন্টে ফিড ভরিয়ে দিয়েছে। অথচ তারা ভেবেছে, এসব করেও পার পেয়ে যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত