এনভিডিয়ায় ফিরল হুয়াং, প্রেমিকা অ্যালিস কোথায়?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশ্বজুড়ে উত্থানের কেন্দ্রে থাকা চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ায় আবারও প্রধান নির্বাহীর দায়িত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পরিবর্তনের পর তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ওয়াল স্ট্রিট। তবে প্রতিষ্ঠানটিকে ঘিরে তৈরি হওয়া করপোরেট ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো অমীমাংসিত—কোথায় আছেন অ্যালিস হুয়াং? খবর এনডিটিভির।

সাবেক সাংবাদিক অ্যালিস হুয়াং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে উন্নত এনভিডিয়া এআই চিপ পৌঁছে দিতে সহায়তা করেছিল তার সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যবসায়িক নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যখন চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে তার যোগাযোগ পর্যবেক্ষণ করছিল, তখন জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কও ছিল। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

১২ নভেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং চীনে ফিরে গেছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের অবগতিতেই তিনি রাজধানী বেইজিংয়ে বসবাস করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তিনি ঠিক কবে বেইজিংয়ে গেছেন, কেন ফিরেছেন কিংবা সেখানে কী করছেন, তা স্পষ্ট নয়।

অ্যালিসের বেইজিংয়ে অবস্থানের খবর সামনে এসেছে এমন এক সময়ে, যখন তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক নিয়ে তদন্ত চলছে। বিশ্বের সবচেয়ে উন্নত কম্পিউটার চিপের সরবরাহ, চীনা গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সম্পৃক্ততা এবং এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠানটির জাতীয় নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে কি না, এসব প্রশ্নও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

অ্যালিস হুয়াং ‘হুয়াং লে’ নামেও পরিচিত। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা ছিলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার চিপ কেনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অন্যতম বৃহৎ ক্রেতা হয়ে উঠেছিল।

ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরেই জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তবে একপর্যায়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ হয়, চীনের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) সঙ্গে অ্যালিসের গোপন যোগাযোগ রয়েছে কি না। এ নিয়ে তদন্তও শুরু করে সংস্থাগুলো।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিসের। এ সময়ের মধ্যে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্কও বজায় ছিল। জেনসেন  উন্নত এআই প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে ছিলেন। একই সময়ে মেগাস্পিড বিপুল পরিমাণ এনভিডিয়া চিপ সংগ্রহ করে। এসব চিপের কিছু দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে সরবরাহ করা হয়েছিল, যেগুলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবা দিত। এসব প্রতিষ্ঠানের মধ্যে আলিবাবাও ছিল। অন্যদিকে, কিছু চালান শেষ পর্যন্ত চীনে সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, অ্যালিসের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে চীন। তদন্তে অ্যালিসের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইয়ের নামও এসেছে। পরিচিতজনদের কাছে তাকে প্রায়ই অ্যালিসের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রমাণ সংগ্রহ করেছে যে তিনিও চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, অ্যালিস হুয়াং ও তার পরিবারের সদস্যদের সঙ্গে চীনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ছিল। পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হয়ে কাজ করা রাষ্ট্রায়ত্ত সামরিক ঠিকাদারদের কাছে শক্তিশালী চিপ সরবরাহের চেষ্টার অভিযোগও রয়েছে।

মেগাস্পিড প্রতিষ্ঠানটির কার্যক্রমে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, ৫২ বছর বয়সী চীনা নাগরিক লি মিং মেগাস্পিডের বিভিন্ন কার্যক্রমে গভীরভাবে যুক্ত ছিলেন। বড় ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও তার ভূমিকা ছিল। এনভিডিয়ার চিপ কেনাবেচার সঙ্গে যুক্ত অন্য কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রমেও তিনি অংশ নেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিঙ্গাপুরে জামিনে মুক্ত রয়েছেন লি মিং। চীনা দূতাবাসের কাছাকাছি একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন তিনি।

চীনে নিয়ন্ত্রিত এনভিডিয়া এআই প্রসেসর পৌঁছে দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে। অ্যালিস হুয়াং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মেগাস্পিডও ওই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ছিল।

এনভিডিয়ার নেতৃত্বে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘটলেও তাকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের গুরুত্বপূর্ণ চরিত্র অ্যালিস হুয়াংয়ের বর্তমান অবস্থান ও ভূমিকা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত