সৌর বিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের পরামর্শ পরিবেশমন্ত্রীর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

ফসল তোলার পর ক্ষতি কমাতে এবং ফল ও সবজির গুণমান ধরে রাখতে সৌর বিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন। এতে তাদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌর বিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। তাই বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌর বিদ্যুৎচালিত হিমাগার ব্যবহার করতে হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে হিমাগার স্থাপন করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগারটি তৈরি করা হয়েছে। এ প্রদর্শনীর অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় হিমাগার আরও নির্ভরযোগ্য করতে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা নির্ধারণে সহায়তা করবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠা-া করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি ব্যবস্থায় যুক্ত করা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্প প্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত