বিশ্বমানের প্রকৌশল শিক্ষা গড়তে বদ্ধপরিকর সরকার: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় হবে উৎকর্ষের কেন্দ্র, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্য সরকারের।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান হলে চলবে না, এগুলোকে হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা এবং রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান প্রমুখ।

সভা শেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত