রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে আধুনিক লিফট সিস্টেম চালুর মাধ্যমে যাতায়াত ব্যবস্থা উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। নদীভাঙন ও বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে পরিবেশবান্ধব ও নান্দনিক ঘাট নির্মাণের এ প্রস্তাব তুলে ধরা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরি এমপির কাছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, অপরিকল্পিত উন্নয়নকাজের ফলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য বজায় রেখেই ঘাটের উন্নয়ন করতে হবে। পরিকল্পিতভাবে ঘাট নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিহারে আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের চলাচল সহজ হবে।
এ সময় আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক ও স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি নদীভাঙন এবং বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে অত্যাধুনিক একমুখী লিফট সিস্টেমের মাধ্যমে নান্দনিক ঘাট নির্মাণের প্রস্তাব দেন।
তিনি জানান, প্রস্তাবিত ঘাট নির্মিত হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী, পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে যে ভোগান্তি পোহাতে হয়, আধুনিক এ ব্যবস্থা চালু হলে তা অনেকাংশে কমে আসবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমা।
এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান, কার্বারি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে প্রস্তাবিত আধুনিক ঘাট নির্মাণ করা হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। পাশাপাশি চিৎমরম বৌদ্ধ বিহারে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে।
পরে পার্বত্য মন্ত্রী সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভায যোগ দেন।