অর্ধ কোটি টাকার গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম

যশোরের অভয়নগরে অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাট থেকে গমসহ জাহাজটি জব্দ করা হয়।

আটকরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের জাহাজের সুকানি আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গার ধুষঝুড়ি গ্রামের মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষী্মীপাশা গ্রামের খালিদ হাসান, ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের হাসান ইসলাম।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন খবর পেয়ে বুধবার মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় জাহাজ থেকে ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এ ছাড়া জাহাজের দুই সুকানিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত