একসময় প্রতিদিন ৬০ থেকে ৭০টি ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হতো কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে। বন্দরে থাকত ব্যবসায়ী, শ্রমিক ও ট্রাকচালকদের ব্যস্ততা। সড়কে দেখা যেত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র পাল্টে গেছে। এখন বন্দরে ট্রাকের আনাগোনা কম, নেই শ্রমিকদের কর্মচাঞ্চল্য। ভারতীয় নিষেধাজ্ঞা, আমদানি-রপ্তানিতে নানা জটিলতা এবং পণ্যের তালিকায় সীমাবদ্ধতার কারণে প্রায় অচল হয়ে পড়েছে দেশের ১৩তম এই স্থলবন্দর। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। বাণিজ্যিক কার্যক্রম কমে যাওয়ায় সরকারও হারাচ্ছে রাজস্ব।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান বিবিরবাজার স্থলবন্দরের বর্তমান পরিস্থিতিকে প্রায় মৃত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মাঝেমধ্যে একটু-আধটু আমদানি হয়। বলা যায়, রপ্তানি প্রায় বন্ধ।
বন্দর সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২৪ অক্টোবর শুল্ক স্টেশন হিসেবে বিবিরবাজার দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। পরবর্তীতে এটিকে দেশের ১৩তম স্থলবন্দর ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে বন্দরের কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের ২৩ এপ্রিল।
একসময় এ বন্দর দিয়ে কয়লা, ঢেউটিন, সিমেন্ট শিট, পিভিসি কম্পাউন্ড, প্লাস্টিকের দরজা, ইট ভাঙার মেশিন, ধান মাড়াইকল, কোমল পানীয়সহ অর্ধশতাধিক পণ্য ভারতে রপ্তানি হতো। একই পথে ভারত থেকে বাংলাদেশে আমদানি হতো ৪০ থেকে ৪৫ ধরনের পণ্য। বর্তমানে সিমেন্ট, এলপিজি ও গুঁড়া পাথরসহ হাতেগোনা কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে। ভারত থেকে আমদানিও প্রায় বন্ধ। চাহিদা থাকা সত্ত্বেও মাছ, পোলট্রি খাদ্য, গ্লাস ও সুতলিসহ বেশ কয়েকটি পণ্য ভারতে পাঠানো যাচ্ছে না। এ ছাড়া প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফলমূল, কোমল পানীয় ও প্লাস্টিকজাত পণ্য রপ্তানিতেও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন।
আমদানির চেয়ে রপ্তানি বেশি : বন্দরটির ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত এ বন্দর দিয়ে ৭৪ হাজার ৯৭৬ দশমিক ৪২৫ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। বিপরীতে আমদানি হয়েছে মাত্র ২ হাজার ৪৩০ মেট্রিক টন। এ সময়ে বিদেশি ট্রাকে ১৬০টি চালানে পণ্য আমদানি এবং দেশি ট্রাকে ৩ হাজার ২৬৯টি চালানে পণ্য রপ্তানি করা হয়। সব মিলিয়ে দুই দেশের ৩ হাজার ৪২৯টি ট্রাক চলাচল করেছে।
একই সময়ে এ বন্দর দিয়ে ৪১ হাজার ৬৮৯ জন যাত্রী যাতায়াত করেছেন। তাদের মধ্যে ২০ হাজার ৪২৯ জন বাংলাদেশে প্রবেশ এবং ২১ হাজার ২৬০ জন দেশত্যাগ করেছেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেও বন্দরটির বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। এ অর্থবছরে প্রথম চার মাসে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৭ লাখ ৫১ হাজার ৩২০ টাকার। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৪ টাকার পণ্য। এ সময়ে স্থলবন্দর দিয়ে যাতায়াত করেছেন মোট ১৮ হাজার ১৯৮ জন যাত্রী। এর মধ্যে বাংলাদেশ থেকে বহির্গমন করেছেন ৯ হাজার ৩১৮ জন এবং আগমন করেছেন ৮ হাজার ৮৮০ জন।
বিবিরবাজার স্থলবন্দরের ২০২৬-২৭ অর্থবছরের কার্যক্রমের বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে। বন্দরটির হিসাব অনুযায়ী, চার মাসে সর্বোচ্চ আমদানি হয়েছে আগস্ট মাসে। সর্বোচ্চ রপ্তানি হয়েছে জুলাই মাসে। আর যাত্রী যাতায়াতের দিক থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষের আগমন ও বহির্গমন ঘটেছে অক্টোবর মাসে।
এ বিষয়ে বিবিরবাজার স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল আহম্মদ বলেন, বন্দরের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত জনবল, ডিজিটাল স্কেলিং, পার্কিং ব্যবস্থা ও নিরাপত্তার কোনো ঘাটতি নেই। কিন্তু আমদানি-রপ্তানির ক্ষেত্রে পণ্যের অনুমোদিত তালিকা সীমিত থাকায় বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, একসময় এ বন্দর দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০টি ট্রাক পণ্য আমদানি-রপ্তানি করত। বর্তমানে দিনে দুই থেকে তিনটি ট্রাক চলাচল করে। কোনো কোনো দিন একেবারেই কোনো ট্রাক আসে না। এতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কাজ না থাকায় স্থানীয় শ্রমিকরাও বেকার হয়ে পড়ছেন।
তিনি বলেন, করোনাকালে ভারত সরকার বেশ কিছু পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। এর মধ্যে পানীয় ও প্লাস্টিকজাত পণ্য অন্যতম। অন্যদিকে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মানের পরিবর্তন এবং সিমেন্টের দামের ব্যবধান কমে যাওয়ায় বাংলাদেশ থেকে ভারতে সিমেন্ট রপ্তানিও কমেছে। এখন যাদের প্রয়োজন, তারাই কেবল সিমেন্ট রপ্তানি করছেন।
জামাল আহম্মদ আরও বলেন, দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলোর আমদানি-রপ্তানি পুনরায় চালুর উদ্যোগ নিলে বন্দরটি আগের অবস্থায় ফিরতে পারে। এ জন্য বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারও জরুরি।
এ বিষয়ে বিবিরবাজার স্থলবন্দরের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ৫ আগস্টের পর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যচিপস, স্ন্যাকস, কনফেকশনারি ও বেকারি পণ্য, তুলা ও সুতার বর্জ্য, প্লাস্টিক, পিভিসি পাইপ, ফার্নিচার, ফল, ফলের ফ্লেভারের পানীয় ও কোমল পানীয় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকেই মূলত বন্দরের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
তিনি বলেন, গত চার মাসে এ বন্দর দিয়ে মাত্র ৩৭টি ট্রাকে ভারতীয় পণ্য বাংলাদেশে এসেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে ৮২৬টি ট্রাক। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই সিমেন্ট। আগের মতো এখন আর গাড়ির আনাগোনা নেই।
সাইদুর রহমান ভূঁইয়া মনে করেন, দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে আমদানি-রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আগে যেসব পণ্য এই বন্দর দিয়ে বাণিজ্য হতো, সেগুলো পুনরায় চালু করা গেলে বন্দরের কার্যক্রমে গতি ফিরবে।
বন্দরের বাণিজ্যিক কার্যক্রম কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় শ্রমিকরা। আগে পণ্য ওঠানো-নামানোর কাজে প্রতিদিন অনেক শ্রমিকের কর্মসংস্থান হলেও এখন তাদের অনেকেই কাজ পাচ্ছেন না। বন্দরের আশপাশের দোকানপাটেও কমেছে বেচাকেনা।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘কয়েক বছর আগে দেখেছি, বন্দর এলাকায় সড়কের পাশে গাড়ির দীর্ঘলাইন। দোকানপাটে ছিল মানুষের হাঁকডাক। এখন গাড়ির সারি আর মানুষের ভিড় কোনোটাই দেখা যায় না। গাড়িতে স্থানীয় যারা মালামাল লোড-আনলোড করতেন, তারাও বেকার। বন্দর গেটে গেলে মনে হয় পরিত্যক্ত স্থাপনা পড়ে আছে।’