ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছেন নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। রাজধানী কারাকাসের কাছের একটি বিশাল শ্রমজীবী এলাকায় নির্বাচনের সময় সম্পর্কে জানতে চাইলে বাসিন্দারা উচ্ছ্বাসের সঙ্গে সমস্বরে বলেন, আগামীকাল, আগামীকাল।’ অর্থাৎ তারা চান, যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। খবর : ইন্টারনেট
দেশজুড়ে এবং বিদেশে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের কাছ থেকে গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে প্রস্তাব সংগ্রহ করাই এ উদ্যোগের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ১১ মাস পর এ উদ্যোগ নিয়েছেন মাচাদো।
তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক মাস ধরে চলা এ পরামর্শ কার্যক্রমে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরেন মাচাদো। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলগুলোর একটি অংশের সঙ্গে চলমান ক্ষমতা হস্তান্তর বিষয়ক আলোচনায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এরপরও সাধারণ মানুষকে এ উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করতে কারাকাসের কাছের পেতারেসহ তিনটি শ্রমজীবী এলাকায় যান তিনি। সেখানে ছোট ছোট জনসমাগমে মানুষের সঙ্গে মিশে কথা বলেন।
মাচাদো সেখানে পৌঁছালে মানুষ ‘স্বাধীনতা’ সেøাগানে তাকে স্বাগত জানায়। অনেকে তাকে জড়িয়ে ধরেন, চুম্বন করেন। কেউ আবেগে কেঁদে ফেলেন, আবার কারও কণ্ঠ আবেগে কেঁপে ওঠে। সবাই তার সঙ্গে ছবি তুলতে চান।
কাম্পো-রিকো এলাকার একটি ছোট বারান্দায় প্রায় ৩০ জন মানুষ বড় একটি কম্পিউটার পর্দার সামনে জড়ো হন। সেখানে মাচাদোর দলের তৈরি ‘পুন্তো দে আকুয়েরদো’ (সমঝোতার জায়গা) নামের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন তারা।
প্রশ্নগুলোতে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মজুরি ও পেনশন, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা এবং বিশেষ করে নির্বাচনের বিষয় উঠে আসে। অংশগ্রহণকারীরা একমত হন, ২০২৭ সালের প্রথমার্ধেই নির্বাচন হওয়া উচিত। তবে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে সময়ক্ষেপণ করছেন বলে মনে করা হচ্ছে।