অনেক নাটকের প্রস্তাব আসছে, গল্প ও চরিত্র বুঝে শিডিউল দিচ্ছি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

নতুন প্রজন্মের অভিনেত্রী শিরতাজ জেবিন অভিনীত ‘বেকার পোলাপাইন’ নাটকের প্রথম দুই পর্ব ইউটিউবে প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি হাসিব হোসেইন রাখির ‘মায়া’ মিনি ওয়েব ফিল্ম এবং ‘মায়া পাখি’, ‘দ্য অভিযান’, ‘শূন্য’ ও ‘কমেন্ট সেন্স’-এর মতো নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। তার বর্তমান কাজ নিয়েই কথা হয়। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ

‘বেকার পোলাপাইন’ নাটকের দুটি পর্ব প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন?

নাটকটি নিয়ে দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রথম দুই পর্ব প্রকাশের পরই আমার অভিনয় দর্শকদের মধ্যে বেশ মুগ্ধতা তৈরি করেছে, যা আমাকে সামনের কাজগুলোতে আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করছে।

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন, ‘তুমি শ্রেষ্ঠ একজন’ নিয়ে কতটা আশাবাদী?

মো. সামছুল হুদা ভাইয়ের পরিচালনায় এটি আমার প্রথম মিউজিক ভিডিও। এখানে আমাকে ভীষণ গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী, বিশ্বাস করি দর্শকেরও ভীষণ ভালো লাগবে। এখন শুধু প্রচারের অপেক্ষায় আছি।

হাসিব হোসেইন রাখির ‘মায়া’ মিনি ওয়েব ফিল্মে আপনার চরিত্রটি কেমন?

‘মায়া’ মিনি ওয়েব ফিল্মে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছি। গল্প ও চরিত্রের গাঁথুনি মিলিয়ে কাজটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছি।

চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেলেও বড় পর্দায় এখনই যাচ্ছেন না কেন?

সিনেমার প্রস্তাব এলেও এখনই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা নেই। আমার কোনো কিছু নিয়েই তাড়াহুড়া নেই; একটু একটু করে এগিয়ে যেতে চাই। তাতে একটু সময় লাগলেও আমার সমস্যা নেই। নিজেকে আরও পরিণত করে, তবেই সিনেমার দুনিয়ায় পা রাখতে চাই।

নাটক নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন দিকটি মাথায় রাখেন?

অল্প করলেও ভালো কাজ করতে চাই। এখন প্রতিনিয়ত অনেক নাটকের প্রস্তাব আসছে, তবে গল্প ও চরিত্র বুঝে, পুরো পা-ুলিপি পড়ে তবেই শিডিউল দিচ্ছি। সাধারণত একটু ভিন্ন ধরনের চরিত্রেই নিজেকে মেলে ধরার চেষ্টা করি।

সর্বশেষ সর্বাধিক পঠিত