চামড়াশিল্পের সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ এএম

দেশের চামড়াশিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। আত্মপ্রকাশের দিনেই এ খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় বা শক্তিশালী লেদার বোর্ড প্রতিষ্ঠাসহ শিল্পের উন্নয়ন ও সংকট নিরসনে ১৩ দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এলএফবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে সংগঠনটির মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজের সঞ্চালনায় এলএফবির সভাপতি সাদাত হোসেন সেলিম, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এস এ টিভির বার্তা সম্পাদক টি. সালাউদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) গভর্নর মুফতি আজহারুল ইসলামসহ খাতসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব এ. ফাত্তাহ আল মঞ্জুর আসিফ।

এলএফবির সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশে চামড়া শিল্পসংশ্লিষ্ট ৩০টির বেশি সংগঠন থাকলেও সেগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। লেদার ফাউন্ডেশন কোনো ট্রেড বা পেশাজীবী সংগঠন নয়। বরং শিল্পসংশ্লিষ্ট সব সংগঠন, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তুলে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করাই এর লক্ষ্য।

তিনি বলেন, কোরবানির ঈদ এলেই চামড়াশিল্প নিয়ে আলোচনা শুরু হয়। পত্রপত্রিকায় লেখালেখি হয়, ব্যাংক ও সরকারের বিভিন্ন মহল তৎপর হয়। কিন্তু ঈদ শেষ হলে আবার বিষয়টি উপেক্ষিত থাকে। অথচ চামড়া বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ। খনিজসম্পদ, তেল ও গ্যাসের মতো এটিও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ হালাল শিল্পের বৈশ্বিক বাজারেও চামড়াজাত পণ্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলএফবির সভাপতি বলেন, বর্তমানে দেশের চামড়াজাত পণ্যের রপ্তানি আয় ১৫০ কোটি ডলার। সরকার এ আয় ৫০০ কোটি ডলারে উন্নীত করার সম্ভাবনার কথা বলছে। তবে শুধু রপ্তানি নয়, দেশের অভ্যন্তরীণ বাজারেও চামড়াজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে।

মূল প্রবন্ধে বলা হয়, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে কাক্সিক্ষত হিস্যা পাওয়া যাচ্ছে না। এসব ঘাটতি পূরণে ছয়টি স্থায়ী কর্মসূচি সামনে রেখে কাজ করবে এলএফবি।

প্রবন্ধ উপস্থাপক ফাত্তাহ আল মঞ্জুর আসিফ বলেন, প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

এ সময় চামড়াশিল্পের সংকট নিরসনে ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘১৩ দফা কৌশলগত প্রস্তাবনা’ তুলে ধরা হয়। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র মন্ত্রণালয় অথবা শক্তিশালী লেদার বোর্ড গঠন, ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ, সাভারের সিইটিপি আধুনিকায়নের পাশাপাশি নতুন দুটি সিইটিপি নির্মাণ, দেশে এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন। এ ছাড়া পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশি চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ইফার গভর্নর মুফতি আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের চামড়াশিল্প একসময় প্রথম সারির শিল্পের মধ্যে থাকলেও দীর্ঘদিনের অবহেলা ও সরকারি সহায়তার অভাবে তা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। কোরবানির সময় সংগৃহীত চামড়ার অর্থের বড় অংশ এতিম ও মিসকিনদের কল্যাণে ব্যয় হয়। মাদ্রাসাগুলোতে সংগ্রহ করা চামড়ার অর্থ গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনাসহ বিভিন্ন খরচে ব্যবহার করা হয়। কিন্তু চামড়ার দাম কমে যাওয়ায় মাদ্রাসাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রীয় সহায়তা পেলে ব্যবসায়ীরা লাভবান হবেন এবং বেশি দামে কাঁচা চামড়া কিনতে পারবেন। এতে মাদ্রাসা ও দরিদ্র জনগোষ্ঠীও উপকৃত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত