সন্তানের অসুস্থতার কথা জানিয়ে সেদিন বারবার মুক্তির আকুতি জানিয়েছিলেন মা। বলেছিলেন ‘প্রতিবন্ধী সন্তানকে সারা রাত ওষুধ দিতে হয়, বাবা-মা ছাড়া তাকে দেখার কেউ নেই।’ কিন্তু কারাবন্দি যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর মুক্তি মেলেনি। অন্যদিকে মায়ের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে ভিডিওবার্তা দিয়েছিল ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিস্বর্গ হোসেন তূর্যও। বলেছিল ‘মা হলো আমার প্রধান। মা ছাড়া আমাকে কে স্কুলে নিয়ে যাবে? আমার লেখাপড়ার কী হবে? কে ওষুধ খাওয়াবে? অপারেশন হবে কীভাবে? মাকে ছাড়া আমি বাঁচব না।’ মা চেয়েছিলেন সন্তানের পাশে ফিরতে, ছেলে চেয়েছিল মাকে কাছে পেতে। কিন্তু তাদের সেই আকুতি পূরণ হয়নি। মায়ের জামিন মেলেনি।
গত শুক্রবার রাতে মারা যায় তূর্য। ছেলের মৃত্যুর পর সামনে এসেছে মা ও ছেলের সেই আকুতিভরা ভিডিও। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে চেয়েও কারাগার থেকে বের হতে পারেননি শর্মী। গতকাল শনিবার দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় তূর্যের মরদেহ। সেখানেই পাঁচ মিনিটের জন্য মাকে দেখানো হয় ছেলের নিথর মুখ। এ ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্যের অসুস্থতা জন্মের পরপরই ধরা পড়ে। ভারতে তার চিকিৎসা চলছিল। অন্তত ছয়টি অপারেশন হয়েছিল তার। আরেকটি অপারেশনের অপেক্ষায় ছিল।
শারমিন সুলতানা শর্মী (৪৪) রাজধানীর লালবাগের সাহেববাজার এলাকার বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, ‘তিনি বলছেন আমি কোনো অপরাধ করিনি। আমি অপরাধ করলে তো বাসায় থাকতাম না। আমাকে মব করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।’
শর্মীর স্বামী ড. শাহাদাত হোসেন নিপু আবৃত্তিশিল্পী। তিনি বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে সম্প্রতি অবসরে গেছেন। তিনি জানান, গত ৩ অক্টোবর রাতে লালবাগ থানা পুলিশ বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের ছেলে তূর্য ছাড়াও ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। জন্ম থেকেই প্রতিবন্ধী ছেলে তূর্যের খাওয়া-দাওয়াসহ সবকিছু মায়ের হাতে হতো। শর্মী গ্রেপ্তারের পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। নিপুর দাবি, গ্রেপ্তারের আগে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না; ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শৌচাগারে যাওয়ার পর দীর্ঘ সময় তূর্য বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে তার নিথর দেহ দেখতে পান।
নিপু দেশ রূপান্তরকে জানান, তূর্যের মৃত্যুর পর সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর জন্য তার মায়ের পেরোলে মুক্তির ব্যাপারে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
তবে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাকে বাইরে নেওয়া সম্ভব নয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য না থাকা এবং ডিসেম্বর পর্যন্ত বন্দিদের প্যারোলে মুক্তির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নির্দেশনার কথাও জানানো হয়। পরে মানবিক বিবেচনায় কারাফটকে সন্তানের মুখ দেখানোর অনুমতি দেওয়া হয়।
গতকাল শনিবার সকালে তূর্যের মরদেহ নিয়ে বাবা, খালা ও স্বজনরা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারে পৌঁছায়। পরে শর্মীকে কারাফটকে আনা হলে ছেলের মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ফ্রিজিং অ্যাম্বুলেন্সের ভেতর থেকে নির্ধারিত সময় শেষে তাকে নামানো হচ্ছিল না। পরে মরদেহ নিচে নামিয়ে আনা হলে তিনি ছেলেকে একবার জড়িয়ে ধরার অনুমতি চান। তাকে সে সুযোগ দেওয়া হয়। পাঁচ মিনিট পর স্বজনরা মরদেহ নিয়ে লালবাগে ফিরে যান।
কারাগার থেকে ফিরে শর্মীর ছোট বোন শাম্মী বলেন, তার বোন ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় নন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। রাষ্ট্র তার বোনকে জামিন দেয়নি, অথচ সন্তান মায়ের অভাবে মারা গেছে। শেষবারের মতো সন্তানকে দেখতে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে।
শর্মীকে গ্রেপ্তারের পর দিন আদালতে হাজির করার সময় সন্তানের অসুস্থতার কথা জানিয়ে মুক্তির আকুতি জানিয়েছিলেন তিনি। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই।’
মায়ের গ্রেপ্তারের পর তূর্যেরও দেওয়া একটি ভিডিও বক্তব্য মৃত্যুর পর ভাইরাল হয়েছে। সেখানে সে বলে, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’
মা-ছেলের এমন আকুতির পরও তাদের একসঙ্গে থাকতে না পারা এবং শেষ পর্যন্ত কারাফটকে সন্তানের শেষ বিদায়ের ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শর্মীর জামিন না পাওয়া ও সন্তানের সংকটকালে মায়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন একটি বাচ্চা যার পরিবারে থাকে, সেই মা জানে সন্তানের জন্য তাকে কী করে পুরো দুনিয়ার সঙ্গে লড়তে হয়।’ শর্মীর জামিন ও মুক্তি না মেলায় সমালোচনা করে আরেকজন ফেসবুকে লেখেন, ‘রাষ্ট্র অবশ্যই দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তাই কারাফটকেই সন্তানকে শেষ বিদায় জানাতে হয়েছে এই ভয়ঙ্কর অপরাধী মাকে।’