কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, কোথাও দেখা দিয়েছে ফাটল। দোতলার ছাদে জন্মেছে গাছপালা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধীরে ধীরে ভেঙে পড়ছে প্রায় ৩০০ বছরের পুরোনো জমিদারবাড়িটি। একসময় যে বাড়ি ছিল জমিদারি প্রতিপত্তির পরিচয়, এখন সেটিই দাঁড়িয়ে আছে অবহেলায়। বাড়িটির দেয়ালে এখনো রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের গুলির চিহ্ন। কিন্তু ইতিহাসের সাক্ষী এই বাড়িটি রক্ষায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ।
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে বাড়িটির অবস্থান। স্থানীয় মানুষের কাছে এটি কান্তরাম জমিদারবাড়ি নামে পরিচিত।
স্থানীয় ইতিহাস ও জমিদার পরিবারের বংশধরদের কাছ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে কান্তরাম মণ্ডল গহিন সুন্দরবনের একটি অংশ পরিষ্কার করে এখানে বসতি গড়ে তোলেন। পরে তিনি জমিদারি প্রতিষ্ঠা করেন। প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল তার জমিদারি।
জমিদার বাড়িটির আনুমানিক ১৭০০ থেকে ১৭২৫ সালের মধ্যে গোড়াপত্তন হয়েছিল বলে জানা যায়।
সে সময় কপোতাক্ষ নদে জলদস্যুদের উৎপাত ছিল। কান্তরাম মণ্ডল ও তার বংশধরেরা দস্যুদের দমনে ভূমিকা রাখতেন বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। নদী ও আশপাশের জনপদে তাদের প্রভাব-প্রতিপত্তিও ছিল বেশ। সময়ের সঙ্গে জমিদারি ব্যবস্থার অবসান হয়েছে, বদলে গেছে এলাকার চিত্র। কিন্তু সেই সময়ের স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে বাড়িটি।
দোতলা বাড়িটিতে রয়েছে ১০টি কক্ষ। ইট ও সুরকি দিয়ে তৈরি ভবনটির অবস্থা এখন বেশ নাজুক। সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলার ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ছাদ ও দেয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। কোথাও ইট খসে পড়ছে, কোথাও দেয়ালে ফাটল। বাড়ির চারপাশেও জন্মেছে আগাছা। এভাবে চলতে থাকলে একসময় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিও। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ১৯৭১ সালে বাড়িটিতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সেই সময়ের গুলির চিহ্ন এখনো দেয়ালে দেখা যায়। সময়ের সঙ্গে বাড়িটির অবস্থা আরও খারাপ হয়েছে, কিন্তু দেয়ালের গুলির দাগ এখনো সেই সময়ের কথা মনে করিয়ে দেয়।
জমিদার পরিবারের বংশধরেরা এখনো বাড়িটির আশপাশে বসবাস করেন। পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অশ্বিনী মণ্ডলের বয়স প্রায় ৯০ বছর। তিনি কান্তরাম মণ্ডলের নাতি বলে জানা গেছে। বয়সের কারণে তার স্মৃতিশক্তি কিছুটা কমে এলেও পরিবারের অতীত ইতিহাসের নানা তথ্য জানিয়েছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নিয়ে সংরক্ষণের উদ্যোগ নিলে তার আপত্তি নেই বলেও জানিয়েছেন।
বাগালী ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী হুমায়ুন বিন বাদশা রিপন বলেন, শেওড়া গ্রামের এই জমিদারবাড়ি কয়রার পুরোনো ইতিহাসের একটি অংশ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়িটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় এর অস্তিত্বই হারিয়ে যেতে পারে।
তিনি বলেন, ‘বাড়িটি সংস্কার করা হলে কয়রার প্রাচীন ইতিহাসের একটি নিদর্শন রক্ষা পাবে। নতুন প্রজন্মও নিজেদের এলাকার ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমরা চাই, সরকার উদ্যোগ নিয়ে বাড়িটি সংরক্ষণ করুক। একই সঙ্গে এর ইতিহাস মানুষের কাছে তুলে ধরা হোক।’
কয়রা উপজেলার ইতিহাসবিষয়ক বইয়ের লেখক অধ্যাপক আ.ব.ম আবদুল মালেক দেশ রূপান্তরকে বলেন, ব্রিটিশ আমলে কান্তরাম মণ্ডল স্বীকৃত জমিদার ছিলেন না। তবে স্থানীয়ভাবে তিনি জমিদার হিসেবেই পরিচিত ছিলেন। তার অনেক জমিজমা ছিল। এলাকায় তার প্রভাবও ছিল। তিনি বলেন, ‘বাড়িটি অনেক পুরোনো একটি স্থাপত্যের নিদর্শন। এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সরকারিভাবে এটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার। বাড়িটি টিকিয়ে রাখা গেলে কয়রার সাংস্কৃতিক ইতিহাস ও প্রাচীন স্থাপত্যের একটি নিদর্শনও টিকে থাকবে।’
বাগালী ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দীন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বাড়িটির কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত নয়। ফলে ব্যক্তিগত উদ্যোগের বাইরে বাড়িটি রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা নেই। তার আশঙ্কা, এখনই উদ্যোগ না নিলে একসময় বাড়িটি ভেঙে পড়বে। তখন কয়রার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্মৃতিও হারিয়ে যাবে।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারী পরিচালক মো. মহিদুল ইসলাম বলেন, ভবনটি ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন হলে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তবে এর প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ও গুরুত্ব সরেজমিনে পরিদর্শন না করে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তিনি বলেন, খুব শিগগিরই বাড়িটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।