সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতদের জিম্মিদশা থেকে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর সুন্দরবনের খুলনার দাকোপের শিবসা নদীর শরবতখালী খাল এলাকায় অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ওই এলাকায় আসাবুর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রেখেছিল। খবর পেয়ে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে উদ্ধার করেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরে পালানোর চেষ্টা করার সময় রোববার রাত একটার দিকে খুলনার দাকোপের মল্লিকবাড়ি এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসের পাশের এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুর সানাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। আসাবুর দাকোপ উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৮ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় পৃথক অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা। নিয়মিত টহলের সময় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের ব্যবহৃত রসদ উদ্ধার করা হয়। তবে নৌকায় কাউকে পাওয়া যায়নি। পরে নৌকা ও উদ্ধার করা রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক আসাবুর, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং জব্দ করা নৌকার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।