গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তা এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে স্বল্প সময়ের ব্যবধানে দুটি স্থানে মোট তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার রাত ১০টা ২২ মিনিট থেকে সাড়ে ১০টার মধ্যে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ইউএনও মো. নাহিদ ভূঞার সরকারি বাসভবনের সামনের সড়কে ও পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে কে বা কারা একটি ককটেল ছোড়ে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন।
অপরদিকে রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে নিচে পরপর দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। সেতুর নিচে পূর্ব ও পশ্চিম পাশে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই এলাকার ইয়াকুব আলী সুপার মার্কেটের ব্যবসায়ী ফয়সাল মিয়া বলেন, উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ায় সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় সড়কে থাকা সবাই ছুটোছুটি শুরু করে।
খবর পেয়ে মাওনা চৌরাস্তার ঘটনাস্থলে যান শ্রীপুর থানার এসআই আবুল বাশার ও মোশারফ হোসেন। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম।
তবে মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামান উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।