শ্বাপদসংকুল, শ্বাপদসমাকীর্ণ বিণ, হিংস্র জন্তুতে পূর্ণ। অভিধানে এমন বলা আছে। অর্থাৎ এমন একটি জঙ্গলাকীর্ণ এলাকা যা মানুষের জন্য ক্ষতিকর বা প্রাণসংহারী হতে পারে সেটি নির্দেশ করতে শব্দটি আমরা ব্যবহার করে আসছি। তো সেই রামও নেই অযোধ্যাও নেই। মানে, সেই জঙ্গল কেটে মানুষ সেই সব কথিত হিংস্র প্রাণীদের কবেই নির্বাসনে পাঠিয়েছে। আর সেখানে জনপদ প্রতিষ্ঠা করে নগরায়ণের নামে, উন্নয়নের নামে এমন পরিস্থিতি তৈরি করেছি যে অবশিষ্ট প্রাণ-প্রকৃতিই হুমকির মুখে। যা এমন এক চরাচর রচনা করেছে যাকে এই প্রাণ-প্রকৃতির নিরাপত্তা ও টিকে থাকার জন্য হুমকিস্বরূপ এক মনুষ্যসংকুল এলাকা হিসেবে চিহ্নিত করার সময় এসেছে। মনুষ্যসংকুল, জনাকীর্ণ এলাকা, হিংস্র মানুষে পূর্ণ যা প্রাণ-প্রকৃতি সংহারী।
অবস্থাদৃষ্টে এমনটা ভাবা যেতে পারে। যেখানে পৃথিবীটা হওয়ার কথা ছিল ‘পাখি-গাছ-মানুষ সবার’ সেখানে বিশ্বটা হয়ে পড়ছে প্রাণ-প্রকৃতি সংহারী মনুষ্যসংকুল। সেক্ষেত্রে উন্নয়ন, সৌন্দর্যবর্ধনের নামে বন-জঙ্গল, নদী-নালা-জলাশয় ধ্বংস, গাছপালা, পাহাড় কেটে সাফ করতে সিদ্ধহস্ত নাছোড়বান্দা এক শ্রেণির কর্তৃপক্ষ আমরা পেয়েছি; যাদের কারণে বাংলাদেশকে পৃথিবীর প্রাণিকুল ও প্রকৃতির জন্য ভয়াল মনুষ্যসংকুল এলাকা বলে ঘোষণা দেওয়া যায়। কিছুদিন পর পর উন্নয়নের নামে, সৌন্দর্যবর্ধনের নামে গাছপালা, পাহাড় কাটা থেকে শুরু করে জলাশয় ধ্বংসের বিরুদ্ধে এখানকার মানুষদের দাঁড়াতে হয়। পরিহাস হচ্ছে, কিছু মানুষের এই অপকর্মের বিরুদ্ধে যে কতিপয় মানুষ দাঁড়াচ্ছেন নিয়মিত তাতে কাজের কাজ কিছুই হয় না। উন্নয়নের, সৌন্দর্যের দোহাই দিয়ে সারা দেশে নির্বিচারে প্রাণ-প্রকৃতি, পরিবেশ এবং বৃক্ষনিধন চলছেই। কিছুতেই ওই ক্ষমতাবান কর্তৃপক্ষের বোধোদয় হচ্ছে না। এই কিছু না হওয়ার ফলে গাছ কাটা চলছে, বন, পাহাড়, জলাশয় ধ্বংস চলছে আর পৃথিবীটা উষ্ণ হচ্ছে গায়ে লাগছে গরম।
সম্প্রতি রাজধানীর ধানম-িতে সাত মসজিদ সড়কের সড়ক-বিভাজকের ওপর একই অজুহাতে, মানে উন্নয়ন ও সৌন্দর্যের নামে গাছ কাটার প্রতিবাদ চলছে। প্রতিবাদকারীরা গাছ রক্ষা করেই কথিত উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির দাবি জানিয়েছেন। এজন্য তারা ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বসতেও চেয়েছেন। মেয়র মহোদয়ের সময় হয়নি বা তাদের সঙ্গে বসেননি। তবে তিনি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কথা বলেছেন। তিনি সাত মসজিদ সড়কের গাছ রক্ষার আন্দোলনকারীদের গাছের জন্য মর্মাহত ও আবেগি বলে উল্লেখ করে সামান্য দুঃখ প্রকাশ করেছেন। বোঝাই যাচ্ছে এই রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাওয়া দিনের মধ্যে বসেও গাছপালা, প্রাণ-প্রকৃতির চেয়ে মেয়র মহোদয়ের কাছে উন্নয়ন ও সৌন্দর্য প্রকল্প জরুরি। এখানে গাছ কাটার জন্য টাকা, ফের গাছ কেনার জন্য ও সেগুলো লাগানোর জন্য টাকা। প্রশ্ন হচ্ছে মেয়রের কথা মতো এই গাছকাটার প্রতিবাদ করাটা কেবল কিছু মানুষের মর্মাহত হওয়ার কি না। জানি না এ ধরনের প্রকল্পে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতির বিষয় থাকে কি না। যতদূর বুঝি বিষয়টা আইনি।
মেয়র অবশ্য কথা দিয়েছেন যে একটি গাছের বদলে সেখানে তিনটি করে গাছ লাগানো হবে। এখানে কয়েক স্তরের আবেগের মাত্রা রয়েছে। যা মেয়র কথিত আন্দোলনকারীদের আবেগকে ছাড়িয়ে যাবে। প্রথমত দশ/পনেরো বছরের একটি প্রাপ্তবয়স্ক গাছ কেটে তিনটি চারাগাছ লাগানো হবে। যে কোনো প্রকল্পে গাছ কাটা নিয়ে কথা উঠলেই অবশ্য এমন ঘোষণা দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, চারাগাছ আর প্রাপ্তবয়স্ক গাছের উপযোগিতা কি এক? চারাগাছ লাগানোর পর তার রক্ষণাবেক্ষণ ও টিকে থাকার প্রশ্নও রয়েছে। দ্বিতীয়ত, সাত মসজিদ রোডের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কাঁঠাল ও বটগাছের মতো বৃক্ষ কেটে মেয়র বাগানবিলাস, চামেলি, রঙ্গন ফুলের গাছ লাগাবেন বা লাগাচ্ছেন। এখানে বৃক্ষ ও ফলদ গাছ কেটে ফুলের গাছ লাগানোতে কর্তৃপক্ষের সৌন্দর্যজ্ঞানের বলিহারি প্রতীয়মান হচ্ছে। তবে কাহিনি হয়তো আরও গভীর, তাই কর্তৃপক্ষের আবেগও বেশি গাছ কেটে ফুলগাছ লাগানোতে। ধরেন, একটা ব্যস্ত সড়কে কৃষ্ণচূড়া বা বটগাছ যে যুদ্ধ করে টিকে থাকতে পারবে, ছায়া দিতে পারবে নিঃসন্দেহে ফুল গাছের জন্য সেটা সম্ভব না। ফলে এখানে নার্সারিগুলো থেকে বারবার ফুলগাছ কেনা ও তা লাগানোর বিষয় আছে, আছে রক্ষণাবেক্ষণের খরচ। তৃতীয়ত, জানামতে প্রত্যেক মেয়রের প্রতি বছর গাছ লাগানোর জন্য বেশ মোটা অঙ্কের টাকা বরাদ্দ থাকে। সেই টাকা কীভাবে খরচ হয়, আদৌ খরচ হয় কি না তা আমাদের জানা নেই।
উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ইত্যাদি করতে হলে যদি সবসময় আমাদের নির্বিচারে গাছই কাটা লাগে, ওই সব গাছে আশ্রয় নেওয়া পাখ-পাখালি, প্রাণীদের আবাস ধ্বংসই করা লাগে, তাহলে বলতে হয় আমাদের কর্তৃপক্ষের সেই অর্থে তার যোগ্যতা নেই। দিনের পর দিন পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদ, নাগরিকরা গাছ কাটা, জলাশয় ধ্বংস বন্ধের দাবি, পরামর্শ দিয়ে আসছেন। বর্তমান সময়ে বিভিন্ন দেশে গাছপালা, প্রাণ-প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন হয়, অবকাঠামো নির্মাণ ও সংস্কার হয়। নগর কর্তৃপক্ষকে কখনোই সে ধরনের পদক্ষেপ নিতে দেখা যায় না, যাতে পরিবেশের কোনো ক্ষতি হবে না, আবার অবকাঠামো নির্মাণ বা সংস্কারও হবে। সিটি করপোরেশনের এসব উন্নয়ন কাজের টেন্ডারে ‘প্রকল্প এলাকার গাছপালা, পরিবেশের ক্ষতি করা যাবে না’ এমন কোনো নির্দেশনা থাকে না কেন জানি না। নাকি থাকে, নির্মাণ প্রতিষ্ঠান তা মানে না! যতদূর জানি, ঢাকার দুই সিটিতেই বাগান রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ আছে, যারা সড়ক বিভাজকের গাছপালা ছেটে, পরিষ্কার করে থাকেন। এই বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের কি কোনো প্রশিক্ষণ আছে? কোন গাছ কতটুকু ছাঁটা উচিত, কীভাবে ছাঁটা উচিত এসব তো গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বেশি বা ভুলভাবে ডালপালা-কা- ছাঁটার কারণেও অনেক গাছ মারা যেতে পারে।
যে কোনো দাবি নাগরিকরা জানাতে পারেন। কর্তৃপক্ষের উচিত তাদের দূরে ঠেলে না দিয়ে, বিপক্ষে দাঁড় করিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা। নাগরিকদের দাবি যৌক্তিক হলে তা মেনে নেওয়া উচিত। এতে কর্তৃপক্ষের হার হয় না, বরং প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ জণগণের হয়ে ওঠে। আশা করি ইতিমধ্যেই ধানম-ির সাত মসজিদ সড়কের যে ক্ষতি হয়েছে তা আমলে নিয়ে ঢাকা দক্ষিণ সিটির কর্তৃপক্ষ পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে বসবেন এবং একটি সুন্দর সমাধান হবে। এমনও হতে পারে এই পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে বসার ফলে কর্তৃপক্ষ এমন একটি সমাধানে পৌঁছাবেন, যা এই ঢাকা শহরের আগামী উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশের ক্ষতি না করার একটি মডেল তৈরি হবে। শেষ যে কথা বলতে চাই সাম্প্রতিক আবহাওয়ার চরমভাবাপন্নতায় দেশে সাধারণ জণগণের মধ্যেও এক ধরনের পরিবেশ সচেতনতা তৈরি হয়েছে। একে কাজে লাগাতে হবে। বলা হচ্ছে গত ৫০ বছরের মধ্যে রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। ফলে, এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষায়, গাছপালা-প্রকৃতি বাঁচাতে সিটি করপোরেশনসহ অন্যান্য কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে। না হলে গাছ রক্ষার এই আপাত নিরীহ ধরনের দাবি বড় হয়ে উঠতে পারে।
লেখক : সাংবাদিক ও কবি