চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘শিডিউল’ সুবিধা

আপডেট : ২৫ জুন ২০২৬, ০১:৫৪ এএম

চ্যাটজিপিটিকে আরও কার্যকর ডিজিটাল সহকারী হিসেবে গড়ে তুলতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় বা নিয়মিত বিরতিতে বিভিন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন চ্যাটজিপিটিকে। নতুন ফিচারটির ফলে চ্যাটজিপিটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি নির্ধারিত সময়ে রিমাইন্ডার পাঠাতে, গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপ তৈরি করতে এবং ব্যবহারকারীর আগ্রহের বিষয়গুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় হালনাগাদ জানাতে পারবে। ওপেনএআই জানিয়েছে, কোনো নতুন পণ্য উন্মোচন, চলমান আয়োজনের অগ্রগতি কিংবা নির্দিষ্ট কোনো বিষয়ে নতুন তথ্য প্রকাশিত হলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে তা ব্যবহারকারীকে জানাবে।

ফিচারটি পরিচালনার জন্য চ্যাটজিপিটির ওয়েব ও মোবাইল অ্যাপে যুক্ত করা হয়েছে ‘শিডিউল’ পেজ। এই পেজ থেকেই ব্যবহারকারীরা নতুন টাস্ক তৈরি, বিদ্যমান টাস্ক সম্পাদনা, সময়সূচি পরিবর্তন, সাময়িকভাবে স্থগিত রাখা বা প্রয়োজন হলে মুছে ফেলতে পারবেন। ফলে সব নির্ধারিত কাজ এক জায়গা থেকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ওপেনএআই জানিয়েছে, নতুন টাস্ক তৈরির প্রক্রিয়াও সহজ রাখা হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি শিডিউল পেজে গিয়ে কাজ নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময়ও কোনো কাজ নির্দিষ্ট সময়ের জন্য সেট করা যাবে।

তবে সুবিধাটি পুরোপুরি কাজে লাগাতে ব্রাউজার ও মোবাইল ডিভাইসে নোটিফিকেশন চালু রাখতে হবে। নোটিফিকেশন সক্রিয় থাকলে নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় তথ্য, রিমাইন্ডার বা হালনাগাদ ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। ফলে বারবার অ্যাপ খুলে তথ্য খোঁজার প্রয়োজন হবে না। ওপেনএআইয়ের মতে, নতুন এই সুবিধা চ্যাটজিপিটিকে আরও সক্রিয় ও নির্ভরযোগ্য ব্যক্তিগত সহকারীতে পরিণত করবে। বর্তমানে ‘শিডিউল’ সুবিধাটি প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত