ডিম টাটকা না পুরনো বোঝার উপায়

আপডেট : ২৫ জুন ২০২৬, ০১:৫৪ এএম

সুপার ফুড হিসেবে ডিমের চাহিদা অনেক। অনেকেরই দৈনন্দিন খাদ্যতালিকায় ডিম থাকে। ভ্যাপসা এই গরমে অন্যান্য খাবারের মতোই দ্রুত নষ্ট হয়ে যায় ডিমও। কিন্তু মুশকিল হলো, অনেক সময় ডিম বাইরে থেকে দেখে বোঝা কঠিন হয়ে পড়ে যে, সেটি এখনো টাটকা আছে, নাকি নষ্ট হয়ে গেছে। ডিম ভেঙে দোকানে পরীক্ষা করা সম্ভব নয় তা ভালো না খারাপ।

 পানি পরীক্ষা : ডিম টাটকা কিনা জানার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায় হলো ফ্লোট টেস্ট বা পানিতে ভাসানোর পরীক্ষা। প্রথমে পাত্রে পরিমাণ মতো পানি নিন, যাতে ডিম পুরোপুরি ডুবে যায়। এবার ডিমটিকে আস্তে করে পানিতে ছেড়ে দিন। যদি ডিম একেবারে তলায় গিয়ে শুয়ে থাকে, তাহলে বুঝতে হবে ডিম একদম টাটকা। যদি ডিম তলায় পৌঁছে সোজা হয়ে দাঁড়িয়ে যায় বা কিছুটা কাত হয়ে থাকে, তা হলে সেটি কয়েক দিনের পুরনো ডিম। কিন্তু যদি ডিমটি পানির ওপর ভেসে ওঠে, তাহলে সেটি ব্যবহার না করাই ভালো। পুরনো ডিম হলে এমন হয় এবং তা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি।

 ডিম ভাঙার পর : যদি ডিম ভেঙেই ফেলেন, তাহলেও এর সতেজতা সহজে বোঝা যায়। টাটকা ডিমের সাদা অংশ ঘন ও কিছুটা আঠালো হয় আর কুসুম থাকে গোলাকার ও উঁচু। পুরনো ডিমের সাদা অংশ তুলনামূলক পাতলা ও জলীয় হয়ে যায় এবং কুসুমও চ্যাপ্টা দেখায়।

 সংরক্ষণের টিপস : ডিম সবসময় ফ্রিজে এবং সম্ভব হলে তার মূল কার্টুনেই সংরক্ষণ করা উচিত। এতে ডিম দীর্ঘদিন ভালো থাকে এবং এর গুণগতমান বজায় থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত