টানা পাঁচ দিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেল না মরক্কোর শিশু রায়ান ওরামকে। গত মঙ্গলবার ১০৪ ফুট গভীর কুয়ায় পড়ে যায় সে। এরপর গত শনিবার সন্ধ্যায় তার নিথর দেহ কুয়া থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার অভিযানের ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা গেছে, শত শত উদ্বিগ্ন উদ্ধারকর্মী এবং উৎসুক জনতা সেখানে জড়ো হয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছেন। এ সময় তাদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোয় কূপের আশপাশ আলোকিত হয়ে ওঠে।
রায়ানের কুয়ায় আটকে থাকার খবর নাড়িয়ে দেয় গোটা মরক্কোকে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা চললেও পাথর ও বালুর সংমিশ্রণ থাকায় কুয়ার মুখ দিয়ে প্রবেশ করে শিশুটির কাছে পৌঁছানোর উপায় ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে কুয়ার কাছে বুলডোজার দিয়ে খোঁড়া হয় নালা। সেটি ব্যবহার করে আড়াআড়িভাবে শিশুটির কাছে উদ্ধারকর্মীরা পৌঁছালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
বিবিসি জানিয়েছে, গত শনিবার রাতে রায়ানের মরদেহ কুয়া থেকে তুলে আনার পরপরই রাজকীয় এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানানো হয়। রায়ানের মৃত্যুর ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
