বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক ড. ফেরদৌসী বেগম বলেছেন, ‘প্রতিবছর বাজেট এলে শিক্ষা ও কৃষি নিয়ে কথা বলি। আমাদের দেশে কৃষি খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন কথা বলি, তখন কৃষক ও কৃষি নিয়ে কত উপমা দিই। অথচ বাস্তবে গণি মিয়া একজন গরিব কৃষক। তার নিজের জমি নেই। গণি মিয়ারা গণি মিয়াই রয়ে গেছেন। আমনের ফলন ও তা সংগ্রহ নিয়ে কৃষকরা নানামুখী সংকটে রয়েছেন।’
বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের সেমিনার কক্ষে দেশ রূপান্তর-ইউনিয়ন ব্যাংকের ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ফেরদৌসী বেগম আরও বলেন, ‘পত্রিকায় হেডলাইন হয়, আমনের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। কারণ কৃষক ভালো দাম পায় না। কোভিডের সময় আমাদের দেশ ভালো অবস্থানে ছিল, কারণ দেশের কৃষকরা ঘরে বসে না থেকে ফসল উৎপাদন করেছিলেন। অথচ আমাদের মধ্যে কোনও কৃতজ্ঞতাবোধ নেই। আমরা কৃষকদের জন্য কিছুই করছি না।’
দেশ রূপান্তরের বিজনেস ডেস্কের প্রধান আলতাফ মাসুদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে আরও অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।
আরও অংশ নেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার প্রমুখ।
আরও পড়ুন:
বাজেট নিয়ে দেশ রূপান্তরের গোলটেবিল বৈঠক শুরু
বাজেট সঠিকভাবে মানুষের কাছে আসুক: মোস্তফা মামুন
